দেশের মানুষ ও তরুণদের মেধা ও যোগ্যতায় অর্জিত ভালো ফলাফলকে সরকার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতার মাধ্যমে যেসব ভালো অর্জন করবে, সেসব অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে সরকার। আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে অর্জন করা পুরস্কার শুধু বিজয়ীদের নয়, দেশের মুসলমানদেরও অর্জন বলে উল্লেখ করেন তিনি।
ভবিষ্যতে এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগীদের অংশগ্রহণের ক্ষেত্রে সরকারের কোনো সহযোগিতা প্রয়োজন হলে তা দেওয়ার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশের ছেলে-মেয়েরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের পাশাপাশি দেশের ও দেশের মানুষের জন্য সম্মান ও গৌরব বয়ে আনুক—এটাই সরকারের প্রত্যাশা।
সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীরা অংশ নেন। সেখানে বাংলাদেশের চার হাফেজ বিভিন্ন বিভাগে সাফল্য অর্জন করেন।
হাফেজ মোহাম্মদ জাকারিয়া ১৫ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জন করেন। হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী ৩০ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় হন।
এ ছাড়া হাফেজা রাবেতা বিনতে রমজান ১৫ পারা এবং হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ ৩০ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের জন্য ভালো পরিবর্তন আনতে সবার সহযোগিতা নিয়ে একসঙ্গে কাজ করার কথাও জানান।
