জামালপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে আব্দুল মালেক (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক সরিষাবাড়ী উপজেলার বয়রা এলাকার বাসিন্দা। তিনি বকশীগঞ্জ উপজেলার নঈম মিয়ার বাজারে সার ব্যবসা করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ব্রহ্মপুত্র এক্সপ্রেস জামালপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়। পরে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় আব্দুল মালেক দৌড়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন।
এ সময় পা পিছলে তিনি ট্রেনের নিচে পড়ে যান। ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, দৌড়ে ট্রেনে ওঠার সময় পা পিছলে আব্দুল মালেক ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।
