সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে আপত্তিকর ও বিতর্কিত মন্তব্যসংবলিত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা পুলিশ কর্মকর্তা মো. রাকিবুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাকে নেওয়া হয়। ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ছড়িয়ে পড়া অডিওটির বিষয়ে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে রাকিবুল হাসানকে সেখানে নেওয়া হয়েছে। নিয়মতান্ত্রিক ব্যবস্থা নেওয়ার আগে এ ধরনের অনুসন্ধান করা প্রয়োজন বলেও জানান তিনি।
তবে অনুসন্ধানটি ডিবি নাকি ডিএমপির অন্য কোনো কমিটির অধীনে পরিচালিত হচ্ছে, কিংবা ঠিক কখন তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে—এসব বিষয়ে বিস্তারিত জানাননি ওই কর্মকর্তা।
পুলিশের পরিদর্শক রাকিবুল হাসান ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। সেখানে বর্তমান সরকার, প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায় তাকে। পুলিশের একাধিক সূত্রের দাবি, প্রাথমিক অনুসন্ধানে অডিওটির কণ্ঠস্বর ও বক্তব্য রাকিবুল হাসানের বলেই নিশ্চিত হওয়া গেছে।
ভাইরাল হওয়া অডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের সক্ষমতা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান নিয়েও বিভিন্ন মন্তব্য করা হয়। একই সঙ্গে পুলিশ বাহিনীর বিভিন্ন পদে পদায়ন ও বদলির ক্ষেত্রে আর্থিক লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগ তোলা হয়।
অডিও ছড়িয়ে পড়ার পর বুধবারই রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে তাকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। ওই আদেশে কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছিল।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যের বিষয়ে জানতে রাকিবুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
