যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে চুরির অভিযোগে গ্রেপ্তার হওয়া এক নারীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে চুরির অভিযোগের চেয়ে তাঁর চেহারার সঙ্গে পপ তারকা জেনিফার লোপেজের মিল নিয়েই বেশি আলোচনা করছেন অনেকে।
৩৫ বছর বয়সী ওই নারীর নাম সাইরেনা অ্যান কুয়াস্ট। গত ৩০ আগস্ট মিনেসোটার মন্টিসেলোর একটি দোকান থেকে পাওয়ার টুলের ব্যাটারির দুটি প্যাকেট চুরির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ অনুযায়ী, ব্যাটারিগুলোর মোট দাম ছিল প্রায় ৫৮০ মার্কিন ডলার।
ফৌজদারি অভিযোগপত্রে বলা হয়েছে, ওই ঘটনার দুই দিন আগে একই দোকানে আরেকটি কথিত চুরির ঘটনা ঘটে। সেই ঘটনার সঙ্গে কুয়াস্ট জড়িত ছিলেন বলে দোকানের এক কর্মী তাঁকে শনাক্ত করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশের কাছে কুয়াস্ট ব্যাটারির প্যাকেট নেওয়ার কথা স্বীকার করেছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
তাঁর বিরুদ্ধে গুরুতর অপরাধের পর্যায়ের ছোটখাটো চুরির অভিযোগ আনা হয়। ডেইলি মেইলের প্রতিবেদনের বরাতে বলা হয়েছে, গ্রেপ্তারের পরের দিনই তাঁকে ছেড়ে দেওয়া হয়।
কুয়াস্টের গ্রেপ্তারের ছবি রাইট কাউন্টি শেরিফের দপ্তরে তোলা হয়েছিল। ছবিটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তাঁর চেহারার সঙ্গে জেনিফার লোপেজের মিল খুঁজে পান। এরপর ছবিটি ঘিরে নানা মন্তব্য ও রসিকতা শুরু হয়।
কেউ কেউ প্রথম দেখায় ছবিটিকে জেনিফার লোপেজের গ্রেপ্তারের ছবি মনে করার কথা জানিয়েছেন। আবার কেউ কুয়াস্টকে লোপেজের মতো সাজে কাজ করার পরামর্শ দিয়েছেন। অনেকে তাঁকে লোপেজের নকল শিল্পী বা লুকঅ্যালাইক হিসেবেও কাজ করার কথা বলেছেন। তাঁর পুরোনো সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের মন্তব্যেও পরিচিতদের কেউ কেউ তাঁকে লোপেজের মতো দেখতে বলে মন্তব্য করেছিলেন।
অনলাইনে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, ৩০ আগস্টের গ্রেপ্তারই কুয়াস্টের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রথম ঘটনা নয়। এর আগে মাদক রাখার অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, পুলিশের কাছ থেকে পালানো এবং মিথ্যা পরিচয় দেওয়ার অভিযোগেও তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গের আরও কয়েকটি অভিযোগ রয়েছে।
