জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি, জিএস ও এজিএস।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ডা. শফিকুর রহমানের নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ডাকসুর নেতাদের মেয়াদ সফলভাবে ও জবাবদিহিতার সঙ্গে সম্পন্ন করায় তাদের অভিনন্দন জানান তিনি। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন।
সাক্ষাৎকালে শিক্ষার্থীদের কল্যাণে ডাকসুর বিভিন্ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা ও বাধা দেওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ডাকসু ভবন ও বিভিন্ন হল সংসদে ছাত্রদলের ‘মব সন্ত্রাসের’ ঘটনায়ও তিনি উদ্বেগ জানান।
ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে পরবর্তী ডাকসু নির্বাচনের রূপরেখা ও তফসিল ঘোষণার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ডা. শফিকুর রহমান।
তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা সমাধানে আরও সক্রিয় থাকার জন্য ডাকসু নেতাদের পরামর্শ দেন।
এ ছাড়া দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের কাজে ছাত্র সংসদে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগানোর কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো মৌলিক সংকট নিরসন এবং মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করার উদ্যোগে ডাকসু নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
