কানাডার ক্যালগেরিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো দুর্গাপূজা উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। শনিবার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে দিনব্যাপী এ মেলার আয়োজন করে ‘বারাকা অ্যাপায়ারেল’।
মেলায় বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের শাড়ি, নারীদের পোশাক ও সাজসজ্জার বিভিন্ন সামগ্রী প্রদর্শন করা হয়। এতে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল।
‘বারাকা অ্যাপায়ারেল’-এর স্বত্বাধিকারী আরিফা রব্বানী বলেন, প্রথমবার দুর্গাপূজা মেলার আয়োজন করতে পেরে তিনি আনন্দিত। মেলায় তাঁদের নতুন নতুন সংগ্রহ ছিল। এর মধ্যে নারীদের জন্য বিভিন্ন ধরনের শাড়ি, কাপড়, সালোয়ার-কামিজ ও সাজসজ্জার সামগ্রী রাখা হয়।
তিনি আরও বলেন, বৈচিত্র্যময় এ মেলা শুধু কেনাকাটার সুযোগ তৈরি করেনি; প্রবাসের মাটিতে দেশীয় সামাজিক সংস্কৃতি ও মূল্যবোধকে ধারণ করার পাশাপাশি কমিউনিটির মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও মিলনের সুযোগ তৈরি করেছে।
মেলার অন্যতম আকর্ষণ ছিল ‘বারাকা অ্যাপায়ারেল’ শাড়িতে সৌন্দর্য উপহার। আরিফা রব্বানীর ভাষ্য, দুর্গাপূজাকে কেন্দ্র করে নারীদের কেনাকাটা ও উপহার বিনিময়ের মাধ্যমে পারিবারিক আদান-প্রদানের যে সুযোগ তৈরি হয়, তা সমাজের দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ।
