কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে তৈরি সম্ভাব্য জাতীয় নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে একে অপরকে সতর্ক করতে একটি নোটিফিকেশন ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও চীন।
স্থানীয় সময় রোববার নিউইয়র্কে দুই দেশের প্রতিনিধিদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং চীনের ভাইস প্রিমিয়ার হে লিফেং অংশ নেন।
দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওয়াশিংটন সফরের কথা রয়েছে। এর আগে সম্ভাব্য একটি চুক্তির ভিত্তি তৈরির অংশ হিসেবে নিউইয়র্কের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
’
বৈঠকের পর স্কট বেসেন্ট জানান, প্রস্তাবিত ব্যবস্থাটির নাম হবে ‘ইউএস-চায়না এআই ডায়ালগ’। এর মাধ্যমে এআইয়ের উদ্দেশ্য এবং প্রযুক্তিটির সম্ভাব্য হুমকি সম্পর্কে দুই দেশের মধ্যে অভিন্ন ধারণা তৈরির চেষ্টা করা হবে।
বেসেন্টের ভাষ্য অনুযায়ী, কোনো এআই-সংক্রান্ত বিষয় জাতীয় নিরাপত্তার পর্যায়ে পৌঁছালে নোটিফিকেশন ব্যবস্থা সক্রিয় হবে। বিশ্বের দুই গুরুত্বপূর্ণ এআই শক্তির মধ্যে গোপনীয়তার পরিবর্তে প্রযুক্তি-সংক্রান্ত কার্যক্রমে আরও স্বচ্ছতা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও চীন এআই প্রযুক্তিতে নিজেদের প্রভাব বাড়ানোর প্রতিযোগিতায় রয়েছে। একই সময়ে প্রযুক্তিটির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগও বাড়ছে।
এআই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, হ্যাকিং এবং প্রাণঘাতী অস্ত্র তৈরিতে ব্যবহারের মতো ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্রের কয়েকটি শীর্ষ এআই কোম্পানির সাম্প্রতিক প্রতিবেদনে নিয়ন্ত্রিত পরীক্ষার পরিবেশ থেকে এআই মডেলের বেরিয়ে যাওয়ার চেষ্টা কিংবা নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে যাওয়ার ঘটনা তুলে ধরা হয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের হ্যাকিং কার্যক্রম, সামরিক সক্ষমতা এবং নজরদারি ব্যবস্থায় এআই ব্যবহারের সম্ভাবনা নিয়ে মার্কিন কর্মকর্তাদের উদ্বেগ রয়েছে।
চলতি মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন অভিযোগ করে, চীনা কোম্পানিগুলো মার্কিন এআই মডেলের মালিকানাধীন প্রযুক্তি ও সক্ষমতা সংগ্রহ করছে। যুক্তরাষ্ট্রের এই অভিযোগকে বৈঠকের আলোচ্য বিষয়গুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠকেও বিষয়টি উঠতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
