পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষিজমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকার একটি কৃষিজমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। হাছিনা বেগম ওই এলাকার নূর শেখের স্ত্রী। তিনি বালাপাড়া বাজারে একটি কনফেকশনারি দোকান পরিচালনা করতেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন হাছিনা বেগম। বাড়িতে ফিরে স্বামীকে রাতের খাবার দেওয়ার পর পাশের এক প্রতিবেশীর বাড়িতে দাওয়াতে যাওয়ার কথা বলে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।
শুক্রবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি কৃষিজমিতে কয়েকজন স্থানীয় ব্যক্তি মাছ ধরার ফাঁদ আনতে যান। সেখানে তারা হাছিনা বেগমের লাশ পড়ে থাকতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে।
দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মণ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
