ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গজারিয়া গ্রামের আলফাজ মিয়ার ঘরের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। মিটারে শর্টসার্কিটের কারণে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক মো. ফারুক আহমেদ জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ চলছে।
