এশিয়ান গেমসে নারী হকি ইভেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে এগিয়ে গিয়েও হেরেছে বাংলাদেশ। চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে পরাজিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ম্যাচের প্রথম কোয়ার্টারে ইউ-টিং হোয়াংয়ের ফিল্ড গোলে এগিয়ে যায় চাইনিজ তাইপে।
তবে দ্বিতীয় কোয়ার্টারে কনা আক্তারের জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা।
তৃতীয় কোয়ার্টারে ৪৫ মিনিটে ইউ-চিউ ওয়াং গোল করে চাইনিজ তাইপেকে সমতায় ফেরান। এরপর শেষ কোয়ার্টারে ইউ-টিং হোয়াং পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় চাইনিজ তাইপে। শেষ পর্যন্ত এই ব্যবধানই ম্যাচের ফল নির্ধারণ করে।
গ্রুপ পর্বের পাঁচ ম্যাচে চারটি হার ও একটি ড্র নিয়ে ১ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ। এর আগে চীনের কাছে ১৩-০, মালয়েশিয়ার কাছে ৩-১ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হেরেছিল দলটি।
কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে একমাত্র পয়েন্টটি পেয়েছিল বাংলাদেশ। পাঁচ ম্যাচে শতভাগ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে চীন।
