রাঙামাটির রাজস্থলী সীমান্ত এলাকায় বিজিবির হেফাজতে থাকা দুই সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে সংঘবদ্ধ একটি দল হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় হামলাকারীরা নারীদের মানবঢাল হিসেবে ব্যবহার করেছে বলেও জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।
বিজিবি জানায়, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে কাপ্তাই ব্যাটালিয়নের অধীন সীমান্তবর্তী দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের একটি টহল দল দুমদুমিয়া চেকপোস্টে যানবাহনে তল্লাশি চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে বিভিন্ন ধরনের ভারতীয় মালামালসহ দুই সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে আটক করা হয়।
পরে আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। অধিকতর তদন্তের জন্য তাদের রাজস্থলী থানায় হস্তান্তরের উদ্দেশ্যে সন্ধ্যা ৬টার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।
বিজিবির ভাষ্য অনুযায়ী, এ সময় ক্যাম্পসংলগ্ন এলাকায় দেড় শতাধিক মানুষের একটি সংঘবদ্ধ দল টহল দলের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা নারীদের মানবঢাল হিসেবে ব্যবহার করে বিজিবির হেফাজতে থাকা দুই সন্দেহভাজনকে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের পুনরায় আটক এবং হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনানুগ কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।
কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ পুশ-ইন ও অনুপ্রবেশ প্রতিরোধ এবং অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ সব ধরনের চোরাচালান দমনে বিজিবি কাজ করছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
