ঢাকা: সাইবার নিরাপত্তা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্ত করার লক্ষ্যে পাঁচ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফকির মাহবুব আনাম।
বৃহস্পতিবার প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (PID) থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত সংশোধনী আইনের খসড়া বিস্তারিতভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে কমিটি। পরবর্তীতে সেই সুপারিশের ভিত্তিতে আইনটির চূড়ান্ত রূপ নির্ধারণ করা হবে।
কমিটির অন্য সদস্যরা হলেন সালাহউদ্দিন আহমেদ, ড. খলিলুর রহমান, জাহির উদ্দিন স্বপন এবং মো. আসাদুজ্জামান।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কমিটি গঠনের বিষয়ে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
