বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বডি ডাবল হিসেবে কাজ করা স্টান্ট পারফর্মার সানোবর পারদিওয়ালা সম্প্রতি ২০১০ সালের চলচ্চিত্র রাবণ–এর শুটিংয়ের একটি রোমাঞ্চকর ও ঝুঁকিপূর্ণ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, একটি স্টান্ট দৃশ্য ধারণের সময় প্রযুক্তিগত জটিলতার কারণে প্রায় ৩০ মিনিট পাহাড়ের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকতে হয়েছিল তাকে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের নেপথ্যের একটি ভিডিও শেয়ার করে সানোবর জানান, পরিচালক মণি রত্নমের রাবণ ছবির ক্লাইম্যাক্স দৃশ্যে ঐশ্বরিয়ার চরিত্র রাগিনী একটি উঁচু পাহাড় থেকে গিরিখাতে ঝাঁপ দেয়। পর্দায় দৃশ্যটি স্বাভাবিক মনে হলেও বাস্তবে এটি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং একটি স্টান্ট।
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে তিনি লেখেন, “১৫০ ফুট উচ্চতা, সাড়ে তিন সেকেন্ডের একটি স্টান্ট—যা আমি কখনো ভুলব না। ‘রাবণ’-এর সেই ক্লিফ জাম্প দৃশ্য ধারণের সময় একটি অপ্রত্যাশিত জটিলতার কারণে প্রায় ৩০ মিনিট পাহাড়ের মাঝামাঝি ঝুলে থাকতে হয়েছিল।”
সানোবর বলেন, স্টান্টের প্রস্তুতি শুধু সফলভাবে দৃশ্যটি সম্পন্ন করার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হলে কীভাবে তা মোকাবিলা করতে হবে, সেটিও সমান গুরুত্বপূর্ণ। তিনি লিখেছেন, “শান্ত থাকতে হবে, শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণে রাখতে হবে, নিরাপত্তা ব্যবস্থার ওপর আস্থা রাখতে হবে এবং শক্তি সঞ্চয় করে রাখতে হবে।”
সেই মুহূর্তের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “আমি জলপ্রপাতের পাশে ঝুলন্ত অবস্থায় ধীরে ধীরে শ্বাস নিচ্ছিলাম এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম। একই সঙ্গে এমন একটি দৃশ্য উপভোগ করছিলাম, যা খুব কম মানুষই ওই দৃষ্টিকোণ থেকে দেখতে পায়।”
তার ভাষ্য অনুযায়ী, এই অভিজ্ঞতা ছিল শারীরিক ও মানসিক—দুই ধরনেরই পরীক্ষা। তবে শেষ পর্যন্ত তিনি পরিস্থিতি সামলে নিতে সক্ষম হন। উল্লেখযোগ্য বিষয় হলো, ওই স্টান্ট দৃশ্যটি পরবর্তীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত টরাস ওয়ার্ল্ড স্টান্ট অ্যাওয়ার্ডস-এ মনোনয়নও পেয়েছিল।
সানোবর বলেন, “কিছু স্টান্ট শরীরের পরীক্ষা নেয়, কিছু স্টান্ট মানসিক শক্তির। আর এই স্টান্ট দুটোরই পরীক্ষা নিয়েছিল।”
২০১০ সালে মুক্তিপ্রাপ্ত রাবণ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, বিক্রম, প্রিয়ামণি ও রবি কিষাণ। ছবিটির সংগীত পরিচালনা করেন এ আর রহমান। হিন্দি ও তামিল—দুই ভাষায় একসঙ্গে নির্মিত এই চলচ্চিত্রটি মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল।
