বলিউড অভিনেত্রী আকাঙ্ক্ষা রঞ্জন এবং চলচ্চিত্র নির্মাতা শরণ শর্মা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মুম্বাইয়ে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো, যে দিনে তাদের প্রেমের সম্পর্কের সূচনা হয়েছিল, ঠিক চার বছর পর একই তারিখে বিয়ের পিঁড়িতে বসেন এই যুগল।
নিজেদের বাসভবনের বাগানে সূর্যাস্তের মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয় বিয়ের আয়োজন। অনুষ্ঠানে আকাঙ্ক্ষা পরেছিলেন সোনালি পাড়ের কমলা রঙের শাড়ি ও সোনালি ব্লাউজ। অন্যদিকে শরণকে দেখা যায় অফ-হোয়াইট রঙের ব্যান্ডগালায়।
বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করে আকাঙ্ক্ষা লিখেছেন, “তুমি না থাকলে কোনো জায়গাকে ঘর মনে হয় না, আর তুমি থাকলে কোনো ভয়ও লাগে না।”
দম্পতির বিয়ের খবর প্রকাশের পর শুভেচ্ছার বন্যা বয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। আকাঙ্ক্ষার ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী আলিয়া ভাট মন্তব্যে সূর্যের একাধিক ইমোজি ব্যবহার করে শুভেচ্ছা জানান। অভিনেত্রী অনন্যা পান্ডে লিখেছেন, “কী মিষ্টি! তোমাদের দুজনকে অনেক ভালোবাসা।”
অভিনেতা অঙ্গদ বেদিও নবদম্পতিকে শুভকামনা জানিয়ে তাদের দীর্ঘ ও সুখী দাম্পত্য জীবনের কামনা করেন।
এর আগে বিয়ের আগের দিন অনুষ্ঠিত সঙ্গীত অনুষ্ঠানে আলিয়া ভাটের নাচ ছিল অন্যতম আকর্ষণ। শাহরুখ খানের জনপ্রিয় গান ‘মাহি ভে’-এর তালে প্রাণবন্ত পরিবেশনা করে তিনি উপস্থিত অতিথিদের মুগ্ধ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন আকাঙ্ক্ষার বোন অনুষ্কা রঞ্জন এবং অনুষ্কার স্বামী আদিত্য সিল।
আকাঙ্ক্ষা রঞ্জন অভিনয়জীবনে ‘গিল্টি’ এবং নেটফ্লিক্সের ‘মোনিকা, ও মাই ডার্লিং’–এর মতো প্রজেক্টে কাজ করে পরিচিতি পেয়েছেন। অন্যদিকে শরণ শর্মা পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ চলচ্চিত্রের মাধ্যমে, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন জাহ্নবী কাপুর।
বিয়ের ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা।
