বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। দেশটির ৭৩ বছরের ইতিহাসে এই প্রথম মিস ওয়ার্ল্ডের মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান ২০২৬’ বিজয়ী আনিকা মেরাজ।
২৪ বছর বয়সী আনিকা মেরাজ সম্প্রতি ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান ২০২৬’ শিরোপা অর্জন করেছেন। তার এই অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার অন্যতম বড় আসরে পাকিস্তানের অভিষেকের পথ উন্মুক্ত হয়েছে।
আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল’-এর ৭৫তম বার্ষিকী আয়োজন। এই আসরেই পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন আনিকা।
শুধু সৌন্দর্য নয়, শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও নিজেকে আলাদা করে তুলেছেন তিনি। আনিকা ব্যবসায় প্রশাসন (বিবিএ) এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি অডিটিং ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আনিকা জানিয়েছেন, তিনি একজন রাষ্ট্রীয় স্বীকৃত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করতে চান। পাশাপাশি শিশুদের অধিকার সুরক্ষা এবং নারী শিক্ষার প্রসারে ভূমিকা রাখারও ইচ্ছা রয়েছে তার।
তার মতে, শিক্ষা ও অধিকারভিত্তিক উদ্যোগের মাধ্যমে পাকিস্তানের আগামী প্রজন্মের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।
