প্রায় আট বছরের বিরতির পর ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। নির্মাতা এস এস রাজামৌলির বহুল আলোচিত চলচ্চিত্র ‘বারাণসী’-তে মহেশ বাবুর বিপরীতে অভিনয়ের মাধ্যমে তার এই প্রত্যাবর্তন ঘটছে। এদিকে অভিনেত্রীর ৪৪তম জন্মদিন উপলক্ষে ছবিতে তার নতুন লুক ও চরিত্রের নাম প্রকাশ করেছেন পরিচালক।
শনিবার (১৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়ার কয়েকটি নতুন স্থিরচিত্র শেয়ার করেন এস এস রাজামৌলি। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, “হাসলে মিষ্টি, আর না হাসলে আগুন। মন্দাকিনী।” এর মধ্য দিয়েই প্রথমবারের মতো চলচ্চিত্রে প্রিয়াঙ্কার চরিত্রের নাম প্রকাশ করা হয়।
ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। নতুন লুকে প্রিয়াঙ্কাকে দেখে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন। কেউ তার দীর্ঘদিনের ক্যারিশমা ও আত্মবিশ্বাসের প্রশংসা করেন, আবার কেউ মন্তব্য করেন যে তার পরিচিত তীক্ষ্ণ অভিব্যক্তি আবারও পর্দায় ফিরে এসেছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘বারাণসী’ চলচ্চিত্রটি অ্যাডভেঞ্চার, রহস্য, টাইম ট্রাভেল এবং ফ্যান্টাসি ঘরানার উপাদানের সমন্বয়ে নির্মিত হচ্ছে। গল্পের বিভিন্ন সময়পর্বে চরিত্রগুলোর ভিন্ন ভিন্ন রূপ তুলে ধরা হবে, যা সিনেমাটির কাহিনিকে আরও বৈচিত্র্যময় করে তুলবে।
গত বছরের নভেম্বরে হায়দরাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করা হয়েছিল। এরপর থেকেই রাজামৌলির নতুন এই প্রকল্প নিয়ে দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ বাড়তে থাকে।
জানা গেছে, প্রায় ১ হাজার ৪০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হচ্ছে ‘বারাণসী’, যা ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যয়বহুল সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে। ছবিতে মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারনের মতো জনপ্রিয় তারকারা অভিনয় করছেন।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্রটি ২০২৭ সালের ৭ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে।
