‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় শীর্ষ নেতারা কুড়িগ্রাম সফরে যাচ্ছেন। আগামী বুধবার জেলার জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নেবেন দলের একাধিক কেন্দ্রীয় নেতা।
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম শহরের ফায়ার সার্ভিস মার্কেটে অবস্থিত জেলা এনসিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া জানান, গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী যে কর্মসূচি চলছে, তার অংশ হিসেবেই কুড়িগ্রামে ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে জুলাই আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের আত্মত্যাগ স্মরণ এবং দেশ গঠনের অঙ্গীকারকে আরও শক্তিশালী করাই মূল উদ্দেশ্য।
তিনি জানান, বুধবার বিকেল ৩টায় কুড়িগ্রামে পৌঁছাবেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং সদস্য সচিব ডা. মাহমুদা মিতু এমপি।
আয়োজকদের তথ্য অনুযায়ী, পদযাত্রাটি শহরের কলেজ মোড় এলাকায় অবস্থিত জুলাই চত্বর থেকে শুরু হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হবে। সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কর্মসূচি সফল করতে ইতোমধ্যে জেলাজুড়ে প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। মাইকিং, ব্যানার-ফেস্টুন স্থাপন এবং মোটরসাইকেল শোভাযাত্রার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
