রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবারও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রাজধানীতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে আকাশ মেঘলা থাকার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় মোট ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবারও রাজধানীতে বৃষ্টি হয়েছে।
রাজধানীর বাইরে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশ্লেষণে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত সম্প্রসারিত। বর্তমানে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে, দেশের অন্যান্য এলাকায় তা মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
