থাইল্যান্ডের ব্যাংকক থেকে দেশে ফিরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কি না, সে বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই। তিনি জানান, যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তবে সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র স্পিকারের কাছেই জমা দেওয়া হবে এবং ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে ব্যাংকক থেকে ঢাকায় ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম।
রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, “রাষ্ট্রপতি কী করবেন না করবেন, সেটি আমি জানি না। তিনি দেশের প্রথম ব্যক্তি।”
তিনি আরও বলেন, “আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এখানে কে পদত্যাগ করবেন না করবেন, তা আমার জানা নেই। এখন হয়তো জানতে পারব। যদি তিনি পদত্যাগ করেন, তবে স্পিকারের কাছে করবেন। আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। এটাই সংসদীয় রীতি।”
ব্যাংকক সফর নির্ধারিত সময়ের আগেই শেষ করে দেশে ফেরার কারণ জানতে চাইলে স্পিকার বলেন, “আমার ঢাকায় কিছু ব্যক্তিগত কাজ আছে। আর গতকাল আমার মেডিক্যাল চেকআপ যেহেতু শেষ হয়েছে, তাই আমি দেশে ফিরে এসেছি।”
রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের বিষয়ে প্রশ্ন করা হলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, “এটি ট্রাডিশনালি বাংলাদেশের সংবিধানে লেখা আছে। যখন রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি নির্বাচন করে জাতীয় সংসদ, সেটি তিন মাসের মধ্যে করতে হয়। এটাই সংসদের পজিশন।”
গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন স্পিকার। নির্ধারিত সময়ের দুই দিন আগেই তাঁর দেশে ফেরা রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের আলোচনা আরও জোরালো করেছে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের কাছেই জমা দিতে হয় এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
কয়েক দিন ধরেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। বিভিন্ন দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, তিনি আজ অথবা আগামী কয়েক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন।
এদিকে, বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক প্রতিবেদনে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন। তিনটি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করা হলেও বিষয়টির সংবেদনশীলতার কারণে সূত্রগুলোর পরিচয় প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন ৭৫ বছর বয়সী মো. সাহাবুদ্দিন। বর্তমান মেয়াদ অনুযায়ী তাঁর দায়িত্ব ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা।
