টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমে ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এ মূল্য শনিবার (২৫ জুলাই)ও বহাল রয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজের ভিত্তিতে মজুরি পৃথকভাবে প্রযোজ্য হবে। একই সঙ্গে স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
সংগঠনটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত ৯৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৫ বার দাম বাড়ানো, ৪৮ বার কমানো এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছরে ৬৪ বার মূল্য বৃদ্ধি এবং ২৯ বার মূল্য হ্রাস করা হয়।
