ভারতে প্রশ্নপত্র ফাঁসবিরোধী আন্দোলনের অন্যতম মুখ এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের জনপ্রিয়তা এখন ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলছে। পরিবার জানিয়েছে, আন্দোলনের পর থেকেই ৩০ বছর বয়সী এই তরুণ অধিকারকর্মীর জন্য বিয়ের প্রস্তাবের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সর্বভারতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে গড়ে ওঠা আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশজুড়ে পরিচিতি পান অভিজিৎ দিপকে। আন্দোলনের পর থেকে তাঁর প্রতি মানুষের আগ্রহ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে বিয়ের প্রস্তাবও।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিতের মা অনিতা দিপকে বলেন, আন্দোলনের আগেও তাঁর ছেলের জন্য বিয়ের প্রস্তাব আসত। তবে জাতীয় পর্যায়ে পরিচিতি পাওয়ার পর সেই সংখ্যা অনেক বেড়েছে।
তিনি বলেন, “আন্দোলনের আগে থেকেই প্রস্তাব আসছিল। এখন আগের তুলনায় অনেক বেশি মানুষ যোগাযোগ করছেন।”
অনিতা দিপকে জানান, যুক্তরাষ্ট্রের বোস্টনে উচ্চশিক্ষার সময়ও পরিবার থেকে অভিজিতের বিয়ে নিয়ে আলোচনা হয়েছিল। তবে সে সময় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি তিনি। বিয়ের প্রসঙ্গ উঠলেই হাসিমুখে বিষয়টি এড়িয়ে যেতেন।
তিনি আরও বলেন, বাবা-মা হিসেবে তারা চান অভিজিৎ এবার সংসারজীবন শুরু করুক। কয়েক দিনের মধ্যে তিনি বাড়ি ফিরলে বিষয়টি নিয়ে আবার আলোচনা করবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সম্পূর্ণভাবে অভিজিতের ওপরই ছেড়ে দেওয়া হবে।
৩০ বছর বয়সী অভিজিৎ দিপকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা। যুক্তরাষ্ট্রের বোস্টনে উচ্চশিক্ষা শেষে ভারতে ফিরে তিনি তরুণদের সংগঠিত করে প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেন। সেই আন্দোলনের মধ্য দিয়েই তিনি দেশজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন।
