আসন্ন গ্রীষ্মকালীন দলবদলের শেষ পর্যায়ে নিজেদের গোলরক্ষক বিভাগ আরও শক্তিশালী করতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। ফরাসি ক্লাব মার্সেইয়ের আর্জেন্টাইন গোলরক্ষক হেরেনিমো রুলিকে দলে ভেড়ানোর লক্ষ্যে ইতোমধ্যে তার সঙ্গে দুই বছরের চুক্তির ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছেছে ক্লাবটি।
দলবদলবিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষককে এক নম্বর গোলকিপার জিয়ানলুইজি ডোন্নারুম্মার বিকল্প হিসেবে দলে নিতে চায় সিটিজেনরা। জেমস ট্র্যাফোর্ড লিডস ইউনাইটেডে যোগ দেওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে, সেটিই পূরণ করবেন রুলি—এমন পরিকল্পনাই করছে ম্যানচেস্টার সিটি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইতিহাদ স্টেডিয়ামে খেলতে রুলি নিজেও আগ্রহ প্রকাশ করেছেন এবং ম্যানচেস্টার সিটির প্রস্তাবে সম্মতি দিয়েছেন। বর্তমানে দুই ক্লাবের মধ্যে ট্রান্সফার ফির বিষয়ে সরাসরি আলোচনা চলছে।
ম্যানচেস্টার সিটি ইতোমধ্যে মার্সেইয়ের কাছে ২ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়েছে। তবে ফরাসি ক্লাবটি তাদের অভিজ্ঞ গোলরক্ষকের জন্য ৩.৫ মিলিয়ন ইউরো দাবি করছে।
উল্লেখ্য, হেরেনিমো রুলি এর আগে ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে ধারে (লোনে) ম্যানচেস্টার সিটির হয়ে ছিলেন। যদিও সে সময় তিনি ক্লাবটির হয়ে কোনো আনুষ্ঠানিক ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি।
ফ্যাব্রিজিও রোমানোর ভাষ্য অনুযায়ী, জেমস ট্র্যাফোর্ডের বিদায়ের পর রুলিকেই নতুন ব্যাকআপ গোলরক্ষক হিসেবে চুক্তিবদ্ধ করতে চায় ম্যানচেস্টার সিটি।
