সামাজিক যোগাযোগমাধ্যমে হিব্রু ভাষায় একটি শব্দ ব্যবহার করে পোস্ট দেওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। পোস্টটি ঘিরে ব্যবহারকারীদের মধ্যে নানা প্রশ্ন ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সম্প্রতি স্পেনের মায়োর্কা দ্বীপে পরিবারসহ অবকাশ যাপনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন জর্জিনা রদ্রিগেজ। ভিডিওটির দৃশ্যের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় আসে এর ক্যাপশন, যেখানে তিনি হিব্রু ভাষায় ‘সুস্থ’ শব্দটি ব্যবহার করেন।
পোস্টটি প্রকাশের অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক ব্যবহারকারী প্রশ্ন তোলেন, কেন তিনি অন্য কোনো ভাষার পরিবর্তে হিব্রু ভাষা ব্যবহার করলেন। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘তুমি তো ‘প্যালেস্টাইন’ও লিখতে পারতে,’ আবার কেউ প্রশ্ন করেন, ‘হিব্রুতে কেন???’ এবং ‘রোনালদো কি ইসরায়েলে?’
রোনালদো ও জর্জিনার পারিবারিক ছুটির ছবি বা ভিডিও ঘিরে আলোচনা এই প্রথম নয়। কয়েক দিন আগেই রোনালদো নিজের শৈশবের একটি ছবি এবং ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের মায়োর্কার সমুদ্রসৈকতে তোলা একই ধরনের একটি ছবি একসঙ্গে প্রকাশ করেন। সেই পোস্টও সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এবং বহুবার শেয়ার হয়।
জর্জিনার সাম্প্রতিক পোস্টের বিতর্কের পেছনে ২০২৩ সালের একটি ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। ওই বছরের ৭ অক্টোবরের হামলার চার দিন পর, ১১ অক্টোবর তিনি গাজার এক শিশুর ছবি সম্বলিত একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছিলেন। অনেকেই সেটিকে ফিলিস্তিনের প্রতি একপাক্ষিক সমর্থন হিসেবে ব্যাখ্যা করেন।
পরবর্তীতে সমালোচনার মুখে সেই স্টোরি সরিয়ে দিয়ে তিনি নতুন একটি স্টোরি প্রকাশ করেন। সেখানে আহত এক ইসরায়েলি শিশুর ছবি এবং গাজার একই শিশুর ছবি পাশাপাশি যুক্ত করে শান্তির আহ্বান জানিয়ে একটি বার্তা দেন।
সাম্প্রতিক হিব্রু ভাষার ক্যাপশনকে ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হলেও এ বিষয়ে জর্জিনা রদ্রিগেজ বা ক্রিস্টিয়ানো রোনালদোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
