ওমানের সঙ্গে হরমুজ প্রণালি-সংক্রান্ত সম্ভাব্য সমঝোতা চূড়ান্ত হতে বিলম্বের জন্য যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ও সামরিক হুমকিকে দায়ী করেছে ইরান। দেশটির সংবাদমাধ্যম সেপাহ নিউজ এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে ওই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি ব্যাহত হওয়ার প্রধান কারণ যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকি।তিনি দাবি করেন, “যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি যতদিন অব্যাহত থাকবে, ততদিন এই সমঝোতা বিলম্বিত হবে।”
ওই কর্মকর্তা আরও বলেন, “হুমকির মুখে ইরান কোনো ধরনের চুক্তিতে সম্মত হবে না।”ইরানের পক্ষ থেকে এমন বক্তব্য এমন সময় এলো, যখন হরমুজ প্রণালিকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে ওমান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
