ফ্রি চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য টেক্সটভিত্তিক কথোপকথনের ক্ষেত্রে আগের সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। প্রতি সপ্তাহে চ্যাটজিপিটির ব্যবহারকারী সংখ্যা এক বিলিয়ন ছাড়ানোর প্রেক্ষাপটে এ পরিবর্তন আনা হচ্ছে। তবে ছবি, ফাইল, ছবি তৈরি এবং ভয়েস মোড ব্যবহারের ক্ষেত্রে আগের মতোই নির্দিষ্ট সীমা বহাল থাকবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রি ও চ্যাটজিপিটি গো অ্যাকাউন্ট ব্যবহারকারীরা শুধু টেক্সট দিয়ে চ্যাট করলে সীমাহীনভাবে কথোপকথন চালিয়ে যেতে পারবেন। তবে কোনো প্রম্পটের সঙ্গে ছবি বা ফাইল যুক্ত করা, ছবি তৈরি করা কিংবা চ্যাটজিপিটির সাম্প্রতিক ভয়েস মোড ব্যবহার করলে নির্ধারিত সীমা অতিক্রমের পর সাময়িক বিধিনিষেধ কার্যকর হবে।
চলতি সপ্তাহেই ফ্রি ও চ্যাটজিপিটি গো ব্যবহারকারীদের জন্য ডিফল্ট এআই মডেল হিসেবে যুক্ত হচ্ছে ‘জিটিপি-৫.৬’ সিরিজের সবচেয়ে ছোট মডেল ‘জিটিপি-৫.৬ লুনা’। এটি গত মে থেকে ব্যবহৃত ‘জিটিপি-৫.৫ ইনস্ট্যান্ট’ মডেলের জায়গা নেবে।
নতুন ব্যবস্থায় ব্যবহারকারীরা ‘থিংক’ নামে একটি বোতাম দেখতে পাবেন। এটি নির্বাচন করলে জিটিপি-৫.৬ লুনা কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে অতিরিক্ত সময় নিয়ে আরও বিস্তারিত বিশ্লেষণ করবে। ফলে প্রয়োজন অনুযায়ী ব্যবহারকারী দ্রুত উত্তর অথবা তুলনামূলক গভীর বিশ্লেষণ বেছে নিতে পারবেন।
এদিকে চ্যাটজিপিটির পেইড সেবা প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্যও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এসব আপডেটের মধ্যে কোম্পানির ফ্ল্যাগশিপ মডেল ‘জিটিপি-৫.৬ সল’-এর উন্নয়ন অন্যতম। দৈনন্দিন কথোপকথনে মডেলটি আরও নির্ভুল ও কার্যকরভাবে কাজ করার জন্য আপগ্রেড করা হয়েছে।
আপডেট করা মডেলটি প্রশ্নের ধরন অনুযায়ী উত্তরের প্রয়োজনীয় বিস্তৃতি নির্ধারণ করবে এবং অপ্রয়োজনীয় ফরম্যাটিং কমিয়ে আরও নির্দিষ্ট উত্তর দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবে। ব্যবহারকারীর বক্তব্যে ভুল থাকলে শুধু সম্মতি না জানিয়ে যুক্তিসংগত সংশোধনও তুলে ধরবে।
প্লাস ও প্রো গ্রাহকদের জন্য আরও যুক্ত হয়েছে একটি ‘স্লাইডার’। এর মাধ্যমে কোনো প্রশ্নের উত্তর তৈরির সময় চ্যাটজিপিটি কতটা সময় ও গভীরতা নিয়ে বিশ্লেষণ করবে, তা ব্যবহারকারী নিজের মতো করে নির্ধারণ করতে পারবেন।
ওপেনএআই জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা আরও সহজে সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এসব পরিবর্তন আনা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা বিভিন্ন প্রশ্ন, ধারণা ও কাজ নিয়ে আরও বাধাহীনভাবে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন।
