বরিশাল সফরে গিয়ে ভিমরুলির ঐতিহ্যবাহী ভাসমান বাজার ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। লঞ্চে করে নদীপথে বরিশালে যাওয়ার পর তিনি নৌকায় চড়ে ভাসমান বাজার পরিদর্শন করেন এবং স্থানীয় পেয়ারা খেয়ে সময় কাটান।
রবিবার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া দুটি পৃথক পোস্টে রাষ্ট্রদূতের এই সফরের তথ্য জানানো হয়।
একটি পোস্টে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বক্তব্য তুলে ধরে বলা হয়, তিনি লঞ্চে নদীপথে ভ্রমণ করে বরিশালের মনোরম জলপথের জনপদ দেখছেন। বরিশালে এসে তিনি আনন্দিত বলেও উল্লেখ করেন।
অন্য পোস্টে জানানো হয়, ভিমরুলির ভাসমান বাজারে নৌকায় ঘোরার পাশাপাশি স্থানীয় পেয়ারা খেয়ে চমৎকার সময় কাটিয়েছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
ভিমরুলির ভাসমান বাজার বরিশাল অঞ্চলের একটি পরিচিত নৌবাজার, যেখানে নৌকায় করে বিভিন্ন কৃষিপণ্য কেনাবেচা হয়। রাষ্ট্রদূতের সফরে এই বাজারও পরিদর্শনের তালিকায় ছিল।
