আগামী ১২ আগস্ট বুধবার বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্বের বিভিন্ন অঞ্চল। ইউরোপ, উত্তর আমেরিকা ও উত্তর আফ্রিকার বিস্তীর্ণ এলাকা থেকে গ্রহণটি দেখা যাবে। তবে অঞ্চলভেদে এর ধরন ও মাত্রায় উল্লেখযোগ্য পার্থক্য থাকবে। প্রায় ১৮০ মাইল বা ২৯০ কিলোমিটার প্রশস্ত একটি নির্দিষ্ট পথে দেখা যাবে পূর্ণগ্রাস গ্রহণ। ওই সময় চাঁদ সর্বোচ্চ ২ মিনিট ১৮ সেকেন্ড সূর্যকে পুরোপুরি আড়াল করে রাখবে।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণের প্রধান পথটি পূর্ব গ্রিনল্যান্ড, পশ্চিম আইসল্যান্ড ও উত্তর-পূর্ব স্পেন হয়ে বিস্তৃত হয়েছে। এ পথে থাকা মানুষ দিনের আলো কমে গিয়ে গোধূলির মতো পরিবেশ দেখতে পাবেন। একই সঙ্গে আকাশে উজ্জ্বল তারা ও গ্রহ দেখা যেতে পারে এবং সূর্যের বাইরের বায়ুমণ্ডল—করোনাও খালি চোখে দৃশ্যমান হবে।
গ্রিনল্যান্ডের স্কোরসবিতে স্থানীয় সময় বিকেল ৪টা ৩৫ মিনিটে পূর্ণগ্রাস শুরু হবে। আইসল্যান্ডের রিকিয়াভিকে বিকেল ৫টা ৪৮ মিনিটে পূর্ণগ্রাস দেখা যাবে। স্পেনের লিওন, সোরিয়া ও মলরকার এস আরেনালে রাত ৮টা ২৮ মিনিট থেকে ৮টা ৩১ মিনিটের মধ্যে গ্রহণের সর্বোচ্চ পর্যায় দেখা যাবে।
তবে পূর্ণগ্রাসের পথের খুব কাছাকাছি থাকা মাদ্রিদে সূর্যের প্রায় ৯৯.৯ শতাংশ ঢাকা পড়লেও সেখানে পূর্ণগ্রাস দেখা যাবে না।
উত্তর আমেরিকার বেশির ভাগ অঞ্চলে সূর্যগ্রহণ আংশিক হিসেবেই দেখা যাবে। কানাডার উত্তর ও পূর্বাঞ্চল, আলাস্কা এবং যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে গ্রহণের মাত্রা তুলনামূলক বেশি থাকবে।
কানাডার ইকালুইতে দুপুর ১টা ২৪ মিনিটে ৬১ শতাংশ এবং সেন্ট জনসে বেলা ৩টায় ৫৩ শতাংশ সূর্য ঢাকা পড়বে। আলাস্কার ফেয়ারব্যাংকসে সকাল ৮টা ২৭ মিনিটে ৩৭ শতাংশ এবং অ্যাঙ্করেজে সকাল ৮টা ২১ মিনিটে ২৮ শতাংশ সূর্য আড়াল হবে।
এ ছাড়া বস্টন, কুইবেক সিটি, মন্ট্রিল ও নিউইয়র্কে ৯ থেকে ২৪ শতাংশ পর্যন্ত আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।
ইউরোপের অধিকাংশ দেশ এবং উত্তর-পশ্চিম আফ্রিকার বিভিন্ন এলাকায় বড় আকারের আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। স্পেনের মাদ্রিদে প্রায় ৯৯.৯ শতাংশ এবং বার্সেলোনায় ৯৯.৮ শতাংশ সূর্য ঢাকা পড়বে।
এ ছাড়া আলজেরিয়ার আলজিয়ার্সে ৯৬ শতাংশ, ফ্রান্সে ৯৫ শতাংশ, পর্তুগালের লিসবন ও আয়ারল্যান্ডের ডাবলিনে ৯৪ শতাংশ এবং যুক্তরাজ্যের লন্ডন, কার্ডিফ ও বেলফাস্টে ৯১ থেকে ৯৩ শতাংশ পর্যন্ত সূর্য আড়াল হবে।
সূর্যগ্রহণ দেখার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে সতর্ক করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাঁদের পরামর্শ, আংশিক গ্রহণের সময় খালি চোখে বা সাধারণ রোদচশমা পরে সূর্যের দিকে তাকানো উচিত নয়। এ সময় সূর্য পর্যবেক্ষণের জন্য প্রত্যয়িত সোলার ফিল্টার বা সূর্যগ্রহণ দেখার বিশেষ চশমা ব্যবহার করতে হবে।
শুধু পূর্ণগ্রাসের নির্দিষ্ট সময়েই সূর্যের দিকে সরাসরি তাকানোর নিরাপদ সুযোগ থাকে। পূর্ণগ্রাসের পথের বাইরে থাকা মানুষ নাসা ও ইউরোপীয় স্পেস এজেন্সির (ইএসএ) অফিশিয়াল সরাসরি সম্প্রচার অনুসরণ করে গ্রহণটি দেখতে পারবেন।
সূত্র: লাইভ সায়েন্স
