৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে বর্তমানে ভিয়েতনামে অবস্থান করছেন সামানজার সাঈদ। বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে তিনি এখন দেশটির ইন্টারন্যাশনাল হালং বে রিসোর্টে আছেন। সেখানে প্রথম দিনের সকালের নাশতার সময়ের বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।
নাশতার প্রথম দিন সামানজারকে দেখা যায় সাদা রঙের দীর্ঘ ড্রেপড গাউনে। পোশাকটিতে গ্রিক ধাঁচের ড্রেপিংয়ের ছাপ রয়েছে। গাউনটির গলার নকশাতেও ছিল আলাদা বৈশিষ্ট্য। এটি প্রচলিত ভি-নেকের মতো নয়; বুকের ওপর দিয়ে সাদা কাপড়ের একটি র্যাপড প্যানেল এক কাঁধ ঢেকে রেখেছে, অন্য কাঁধটি খোলা। ফলে নেকলাইনটি অনেকটা অ্যাসিমেট্রিক স্টাইলের দেখায়।
পোশাকটি নেওয়া হয়েছে ফ্যাশন হাউস ‘সেলিব্রিটি চয়েস’ থেকে। নাশতার সময় শুধু খাবারেই নয়, বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে আলাপচারিতায়ও ব্যস্ত ছিলেন সামানজার।
গত জুলাইয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতিতে ব্যক্তিগত গ্রুমিংয়ের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর কৌতূহল থেকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নেন সামানজার। প্রথমবার অংশ নিয়েই জাতীয় পর্যায়ে মুকুট জয় করেন তিনি।
এবার আন্তর্জাতিক মঞ্চে নিজের দক্ষতা তুলে ধরার সুযোগ পেয়েছেন সামানজার। মিস ওয়ার্ল্ডের এবারের আসর শুরু হয়েছে ৯ আগস্ট। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর। এর আগে প্রতিযোগীদের প্রতিদিন বিভিন্ন সেশন ও পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।
গত ৮ আগস্ট বাংলাদেশ থেকে ভিয়েতনামের উদ্দেশে রওনা দেন সামানজার। সেদিন তাঁকে ফ্যাশন ব্র্যান্ড ‘সিজ’-এর নকশিকাঁথার নকশা করা স্লিট গাউনে দেখা যায়। ১০ আগস্টের আরেকটি অনুষ্ঠানে তিনি পরেছেন ল্যাভেন্ডার রঙের ড্রেপড ম্যাক্সি গাউন। কেপ-স্টাইলের হাতার কারণে পোশাকটি আলাদা নজর কেড়েছে।
ভিয়েতনামে যাওয়ার আগে সামানজার জানিয়েছিলেন, প্রতিযোগিতায় তিনি নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। একই সঙ্গে ভোটের পর্ব শুরু হলে বাংলাদেশের প্রতিযোগীকে এগিয়ে রাখতে সময়মতো ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি।
