৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ বিজয়ী সামানজার সাঈদ। আগামীকাল শনিবার তিনি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন। বিশ্বমঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের দক্ষতা তুলে ধরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করাই এখন তাঁর প্রধান লক্ষ্য।
সামানজার সাঈদ বলেন, ‘একটাই চাওয়া, মঞ্চে উঠে নার্ভাস হয়ে যেন নিজের সামর্থ্য ভুলে না যাই। এত দিন যা শিখেছি, যেসব দক্ষতা অর্জন করেছি, সেগুলো আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরতে চাই। গর্বের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করাই এখন আমার সবচেয়ে বড় লক্ষ্য।’
গত বৃহস্পতিবার ঢাকার বনানীতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আয়োজক আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প আয়োজিত এক সংবাদ সম্মেলনে সামানজারের সঙ্গে কথা হয়। এর আগে তিনি প্রথম আলোর সঙ্গে নিজের প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগ থেকে স্নাতক শেষ করার পর কৌতূহল থেকেই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন সামানজার। প্রথমবার অংশ নিয়েই তিনি বিজয়ীর মুকুট অর্জন করেন।
তিনি জানান, গত এপ্রিলে তাঁর স্নাতক সম্পন্ন হয়। এরপর জুলাইয়ে প্রতিযোগিতায় নিবন্ধন করেন। শুরুতে শুধু অভিজ্ঞতার জন্য চেষ্টা করেছিলেন। ধাপে ধাপে এগিয়ে শেষ পর্যন্ত বিজয়ী হওয়ার পরও বিষয়টি তাঁর কাছে অবিশ্বাস্য মনে হয়েছিল।
বিজয়ী হওয়ার পর আন্তর্জাতিক মঞ্চের জন্য নিজেকে প্রস্তুত করতে ব্যক্তিত্ব উন্নয়ন ও উপস্থাপনা বিষয়ে গ্রুমিং নিয়েছেন সামানজার। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে নানা পেশা ও অভিজ্ঞতার মানুষের সঙ্গে পরিচয়ের সুযোগ হয়েছে তাঁর। এতে নিজের দক্ষতা ও ব্যক্তিত্ব আরও ভালোভাবে উপস্থাপনের অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি।
সামানজারের ভাষায়, ‘এখানে এসে বুঝেছি, এটি শুধু সৌন্দর্যের প্রতিযোগিতা নয়। নিজের ব্যক্তিত্ব, চিন্তাভাবনা ও সামাজিক দায়বদ্ধতাও তুলে ধরতে হয়। এই অভিজ্ঞতা আমাকে অনেক সমৃদ্ধ করেছে।’
সামানজার চার বছর কথক ও ভরতনাট্যম শিখেছেন। গান, নাচ ও খেলাধুলার প্রতিও তাঁর আগ্রহ রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার চাপের কারণে দীর্ঘ সময় নিজের এসব শখ থেকে দূরে থাকতে হয়েছে।
তিনি বলেন, ‘টানা চার বছর পড়াশোনায় মনোযোগ দিয়েছি। তাই অনেক শখই পিছিয়ে রাখতে হয়েছে।’
প্রতিযোগিতা শেষ হওয়ার পর আবার এসব কাজে ফিরতে চান সামানজার। অভিনয়ের প্রতিও তাঁর আগ্রহ রয়েছে। ভালো গল্প বা উপযুক্ত চরিত্রের প্রস্তাব পেলে অভিনয়ে কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা সামানজার অবসরে চলচ্চিত্র দেখতে পছন্দ করেন। খেলাধুলার মধ্যে বাস্কেটবল ও টেবিল টেনিস খেলতে পারেন।
গত ১১ জুলাই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ হিসেবে সামানজার সাঈদের নাম ঘোষণা করা হয়। তিনি ২০২৫ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আকলিমা আতিকা কনিকার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেন।
এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা। দ্বিতীয় রানারআপ হয়েছেন লাবিবা মনজুর। শীর্ষ পাঁচে থাকা অন্য দুই প্রতিযোগী হলেন আয়শা রহমান ও যুক্তা ভৌমিক।
ভিয়েতনামে অনুষ্ঠেয় মিস ওয়ার্ল্ড ২০২৬-এর চূড়ান্ত আয়োজন আগামী ৫ সেপ্টেম্বর হো চি মিন সিটিতে শেষ হবে। সেখানে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে অংশ নেবেন সামানজার সাঈদ।
