সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। গতকাল রোববার দুপুরে ওই কারখানায় আগুন লাগে। সোমবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতের সংখ্যা ১৬ জনে পৌঁছানোর তথ্য জানিয়েছে।
সোমবার সকাল ৮টা ১৭ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত বাংলাদেশিদের মধ্যে ১৩ জন নওগাঁর আত্রাই উপজেলার, দুজন নাটোরের নলডাঙ্গা উপজেলার এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।
নিহতদের মধ্যে আত্রাই উপজেলার গণ্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামাণিক, মো. কলিমউদ্দিন, মো. মোহন, মো. সুমন; খরস্রোতা গ্রামের মজিদুল ও আবদুল জলিল; উজানপই গ্রামের ফরিদ; ডুবাই গ্রামের শুভ ও সুমন; বোয়ালা গ্রামের হৃদয়; নওগাঁ গ্রামের শাহিন; সাদনগর গ্রামের সাগর এবং একই উপজেলার মিনহাজ রয়েছেন।
নলডাঙ্গা উপজেলার নিহত দুজন হলেন দিঘীরপাড় গ্রামের শামীম ও খাজুরা গ্রামের সাব্বির। অন্যদিকে রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামলও এ ঘটনায় নিহত হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বেলা ১১টা ২৭ মিনিটে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে জানায়, নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরিবারের সম্মতি অনুযায়ী মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই রিয়াদে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তাঁরা নিহতদের পরিচয় শনাক্ত করা এবং মরদেহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার বিষয়ে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় বাংলাদেশি নাগরিকদের প্রাণহানিতে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং এই অপূরণীয় ক্ষতির সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
