সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগে কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে কুষ্টিয়া শহর মহিলা দল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীর নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড় হয়ে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
মহিলা দল সূত্রে জানা যায়, সোমবার কুষ্টিয়ার দৌলতপুরে জামায়াতে ইসলামী আয়োজিত একটি মতবিনিময় সভায় বক্তব্য দেন মুফতি আমীর হামজা। ওই বক্তব্যের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ করে আমীর হামজাকে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়। সেখানে তিনি সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের ভোট না থাকা এবং নিজের ১ লাখ ৮৩ হাজার ভোট পাওয়ার বিষয়টি তুলে ধরে মন্তব্য করেন।
মহিলা দলের নেত্রীরা বলেন, ফরিদা ইয়াসমিন তাঁদের আসনের নারী সংসদ সদস্য। তাঁকে নিয়ে একজন সংসদ সদস্যের এমন মন্তব্য করা অনুচিত। কোনো নারীকে নিয়েই এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয় বলেও তাঁরা মন্তব্য করেন।
সমাবেশে বক্তারা আরও বলেন, একজন ইসলামি বক্তা হিসেবে মুফতি আমীর হামজার কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়। বিভিন্ন সম্মেলন ও ওয়াজ মাহফিলে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে বলেও তাঁরা অভিযোগ করেন।
সমাবেশ থেকে আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। মহিলা দলের নেত্রীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের বক্তব্য বন্ধ না হলে ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মিছিলে কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
