ইরান বিশ্বের সামনে নিজেদের একটি ‘কঠোর ও অপরাজেয় শক্তি’ হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতা বিশ্বকে বিস্মিত করেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনের বরাতে যুগান্তর জানায়, এক টেলিভিশন সংবাদ সম্মেলনে আরাগচি এসব মন্তব্য করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে তিনি একাধিকবার শুনেছেন, ইরান এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যা পুরো বিশ্বকে অবাক করেছে।
আরাগচির ভাষায়, ‘আমি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে এই কথা বহুবার শুনেছি যে—‘আপনারা ইরানিরা এক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন; পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘কেউ ভাবতেও পারেনি যে ইরান এভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে।’
এ প্রসঙ্গে আরাগচি দাবি করেন, যুক্তরাষ্ট্রের পেছনে ইসরাইল, পশ্চিমা বিশ্ব এবং আরও কয়েকটি দেশের পূর্ণ সমর্থন ছিল। এমন পরিস্থিতির মধ্যেও ইরান প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
