ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া নানা খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর দাবি, খামেনি সুস্থ আছেন এবং সম্প্রতি তাঁর সঙ্গে টানা ৭ থেকে ৮ ঘণ্টা বৈঠক করেছেন।
ইরানের বার্তা সংস্থা আইএসএনএকে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান এসব তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বৈঠকে বসে আলোচনা করতে পারা থেকেই বোঝা যায়, খামেনি গুরুতর কোনো শারীরিক সমস্যায় ভুগছেন না।
পেজেশকিয়ানের ভাষায়, ‘যে ব্যক্তি সাত-আট ঘণ্টা বসে আলোচনা করতে পারেন, তার কোনো শারীরিক সমস্যা থাকতে পারে না।’
তিনি আরও জানান, খামেনির সঙ্গে তাঁর বৈঠক ‘খুবই ভালো’ হয়েছে।
পেজেশকিয়ান জানান, বৈঠকে ইরানের জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন খামেনি। একই সঙ্গে দেশের অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের বিষয়েও নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে নানা চ্যালেঞ্জের মধ্যে সর্বোচ্চ নেতার স্বাস্থ্য নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। এর মধ্যেই প্রেসিডেন্টের এই বক্তব্য এল।
রোববার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি খামেনির একটি পুরোনো ভিডিও প্রকাশ করে। এতে তাঁকে স্বাভাবিক ও সুস্থ অবস্থায় দেখা যায়।
ইসরাইলি কয়েকটি সংবাদমাধ্যমে খামেনির শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’ এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে—এমন খবর প্রকাশের পর ভিডিওটি সামনে আনা হয়।
এর আগে শুক্রবার ইসরাইলি সংবাদমাধ্যমগুলো ইরানের অভ্যন্তরীণ কয়েকটি সূত্রের বরাত দিয়ে খামেনির শারীরিক অবস্থা সংকটজনক বলে দাবি করেছিল।
তবে ইরানের কর্মকর্তারা এখন খামেনির সাম্প্রতিক কর্মকাণ্ড ও বৈঠকের তথ্য প্রকাশ্যে এনে এসব দাবির বিরোধিতা করছেন।
পেজেশকিয়ানের বক্তব্য অনুযায়ী, সাম্প্রতিক বৈঠকে দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোই বেশি গুরুত্ব পেয়েছে। জাতীয় ঐক্য অটুট রাখা, অর্থনৈতিক চাপ মোকাবিলা এবং সাধারণ মানুষের প্রয়োজনীয়তা পূরণের ওপর খামেনি জোর দিয়েছেন।
ইরান যখন রাজনৈতিক ও অর্থনৈতিক নানা চাপের মধ্যে রয়েছে, তখন দেশটির সর্বোচ্চ নেতার স্বাস্থ্য নিয়ে তৈরি হওয়া জল্পনা পরিস্থিতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।
তথ্যসূত্র: সামা টিভি
