মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও তার স্ত্রী বেটিনা ট্রাম্প জানিয়েছেন, তাদের বিয়ের পর অনুষ্ঠিত দুই রাতের আয়োজনের খরচ বহন করেছিলেন রাশিয়ার এক ব্যবসায়ী উমার ক্রেমলেভ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেটিনা ট্রাম্পের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক যৌথ পোস্টে তারা এ তথ্য জানান। তাদের ভাষ্য অনুযায়ী, গত মে মাসে বাহামাসে আয়োজিত বিয়ে-পরবর্তী অনুষ্ঠানের ব্যয় বহন করেছিলেন তাদের ‘ঘনিষ্ঠ বন্ধু’ ক্রেমলেভ।
অনুসন্ধানী সংবাদমাধ্যম প্রোপাবলিকার একটি প্রতিবেদনের পর এ স্বীকারোক্তি আসে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, বিয়ে-পরবর্তী আয়োজনের পেছনে ক্রেমলেভ কয়েক লাখ ডলার ব্যয় করেছিলেন।
যৌথ পোস্টে ট্রাম্প জুনিয়র ও বেটিনা ট্রাম্প বলেন, এটি ছিল একজন বন্ধুর পক্ষ থেকে অত্যন্ত উদার বিয়ের উপহার। এ জন্য তারা তখনও কৃতজ্ঞ ছিলেন এবং এখনও আছেন।
তারা আরও বলেন, ব্যক্তিগত ও আনন্দঘন একটি ঘটনাকে শুধু কারও পরিচয় বা জন্মস্থানের কারণে রাজনৈতিক কিংবা সন্দেহজনকভাবে উপস্থাপন করা দুর্ভাগ্যজনক।
ট্রাম্পের বিয়ের অনুষ্ঠান বা পরবর্তী আয়োজনগুলোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অংশ নেননি। ওই সময় ইরান যুদ্ধসংক্রান্ত আলোচনার কারণে তিনি ওয়াশিংটনে অবস্থান করছিলেন বলে জানানো হয়েছে।
উমার ক্রেমলেভ বর্তমানে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের (আইবিএ) প্রধান। আর্থিক ব্যবস্থাপনা ও নৈতিকতা নিয়ে দীর্ঘদিনের বিতর্কের জেরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) আইবিএর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল।
আইবিএর এক বিবৃতি অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলেভকে ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ সম্মানে ভূষিত করেন। অনুষ্ঠানের প্রকাশিত ছবিতে পুতিন ও ক্রেমলেভকে করমর্দন করতে দেখা যায়।
আইবিএর ওই বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক চাপের মধ্যেও ক্রীড়াবিদদের সমর্থন অব্যাহত রাখায় অনুষ্ঠানে পুতিন সংস্থাটির প্রশংসা করেন।
এ ছাড়া আইবিএর ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে ২০২৫ সালের সেপ্টেম্বরে ইস্তাম্বুলে আয়োজিত একটি অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে ক্রেমলেভকে একই মঞ্চে দেখা যায়।
বেটিনা ট্রাম্পের পোস্টে ২০টি ছবি প্রকাশ করা হয়। এতে সমুদ্রসৈকতে নবদম্পতির ছবি ছাড়াও ট্রাম্প পরিবারের সদস্য এরিক ট্রাম্প, ইভাঙ্কা ট্রাম্প ও টিফানি ট্রাম্পের ছবিও ছিল।
রুশ অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘প্রোয়েক্ট’-এর তথ্য অনুযায়ী, তাজিকিস্তানে জন্ম নেওয়া ক্রেমলেভ একসময় মাঝারি পর্যায়ের বক্সিং প্রমোটার হিসেবে কাজ করতেন। পরে তিনি রাশিয়ার ফেডারেল প্রোটেকটিভ সার্ভিসের (এফএসও) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। সংস্থাটি রাশিয়ার শীর্ষ সরকারি কর্মকর্তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করে।
প্রতিবেদন অনুযায়ী, ক্রেমলেভ ক্রেমলিনপন্থী মোটরসাইকেল ক্লাব ‘নাইট উলভস’-এরও সদস্য। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখলের পর সংগঠনটির সদস্যরা সেখানে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। একই সঙ্গে পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে তাদের সদস্যদের লড়াই করার অভিযোগও রয়েছে।
