বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ডলুপাড়ায় চলছে আমন ধানের চারা রোপণের ব্যস্ততা। পাহাড়ি জনপদের মারমা সম্প্রদায়ের কৃষকেরা সকাল থেকে বিকেল পর্যন্ত জমি প্রস্তুত, বীজতলা থেকে চারা তোলা এবং ধানের চারা রোপণের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
কৃষকেরা কাঁধে করে ধানের চারা নিয়ে জমিতে যাচ্ছেন। কেউ বীজতলা থেকে চারা তুলে আঁটি বাঁধছেন, আবার কেউ বাঁশের ভাঁড়ে কাঁধে করে সেসব চারা রোপণের জমিতে পৌঁছে দিচ্ছেন। চারা রোপণের আগে ট্রাক্টর দিয়ে জমি চাষ এবং মই টেনে কাদা সমান করার কাজও চলছে।
কাদায় ভরা জমিতে দলবেঁধে আমনের চারা রোপণ করছেন কৃষকেরা। পাহাড়ি নারীরাও এতে সমানভাবে অংশ নিচ্ছেন। কোথাও নির্দিষ্ট দূরত্বে চারা ছুড়ে দেওয়া হচ্ছে, কোথাও সারিবদ্ধভাবে চারা বসানো হচ্ছে। দুই মারমা তরুণীকেও কাদা জমিতে চারা রোপণ করতে দেখা গেছে।
ধান রোপণের পাশাপাশি জমিতে মাছ ধরার দৃশ্যও চোখে পড়েছে। দুই নারী ধানের জমিতে ঐতিহ্যবাহী ‘লুই’ ব্যবহার করে মাছ ধরছেন।
মাঠের কর্মব্যস্ততার ফাঁকে এক কৃষাণীকে বোতল থেকে পানি পান করে তৃষ্ণা মেটাতেও দেখা যায়। সব মিলিয়ে আমন চাষকে ঘিরে পাহাড়ি মাঠে এখন ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য।
ছবিগুলো বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ডলুপাড়া থেকে তোলা।
