মালয়েশিয়ার রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা আলিয়াকে বিয়ে করেছেন ৩২ বছর বয়সী ব্রিটিশ রেসিং ড্রাইভার ক্রিস ফ্রগ্যাট। ৭ আগস্ট কুয়ালালামপুরের শাংরি-লা হোটেলে রাজকীয় আয়োজনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে পাহাং রাজপরিবারের সদস্যসহ দেশ-বিদেশের বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
রাজকন্যা ইলিয়ানা মালয়েশিয়ার সাবেক রাজা ও পাহাংয়ের সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহের মেয়ে। ফ্রগ্যাট ও ইলিয়ানা তাঁদের সম্পর্কের বিষয়টি দীর্ঘদিন অনেকটা ব্যক্তিগত রেখেছিলেন। ফলে বিয়ের আগে তাঁদের সম্পর্ক নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।
হ্যালো ম্যাগাজিনের প্রতিবেদনের বরাতে জানা যায়, সুলতান আবদুল্লাহ ২০১৯ সালে মালয়েশিয়ার ১৬তম ইয়াং ডি-পারতুয়ান আগং বা রাজা নির্বাচিত হন এবং পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব পালন করেন।
মালয়েশিয়ায় প্রচলিত রাজতান্ত্রিক ব্যবস্থাটি অন্য অনেক দেশের তুলনায় আলাদা। দেশটির ৯ জন বংশানুক্রমিক শাসক পালাক্রমে ইয়াং ডি-পারতুয়ান আগং হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিটি মেয়াদ পাঁচ বছরের।
শাংরি-লা হোটেলে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে সুলতান আবদুল্লাহ ছাড়াও পাহাংয়ের যুবরাজ টেংকু হাসানাল ইব্রাহিম আলম শাহ এবং রাজপরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
ইসলামি ও মালয় রাজকীয় ঐতিহ্য অনুসরণ করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মূল অনুষ্ঠান শুরুর আগে ফ্রগ্যাট সুন্নত নামাজ আদায় করেন। পরে নবদম্পতি একে অপরকে বিয়ের আংটি পরিয়ে দেন। সম্পন্ন হয় ‘মাস কাহউইন’ নামে পরিচিত ঐতিহ্যবাহী বিয়ের উপহার দেওয়ার আনুষ্ঠানিকতাও।
এরপর মোনাজাত এবং রাজপরিবারের বিভিন্ন ঐতিহ্যবাহী রীতি পালন করা হয়। এর মধ্যে ‘মেরেনজিস’ উল্লেখযোগ্য। এই প্রথায় নবদম্পতিকে আশীর্বাদ করার প্রতীক হিসেবে পানি ছিটানো হয়।
অনুষ্ঠানে পাহাংয়ের মুখ্যমন্ত্রী ওয়ান রোসদি ওয়ান ইসমাইল এবং সংযুক্ত আরব আমিরাতের শেখ মোহাম্মদ বিন হামাদ বিন তাহনুন আল নাহিয়ানসহ অন্য অতিথিরাও উপস্থিত ছিলেন।
বিয়ের পর পাহাং রাজপরিবার এক বিবৃতিতে নবদম্পতির সুখ, কৃপা ও দীর্ঘস্থায়ী সমৃদ্ধি কামনা করে। বিবৃতিতে তাঁদের পরিবারকে ‘সাকিনাহ, মাওয়াদ্দাহ ওয়া রাহমাহ’—অর্থাৎ শান্তিপূর্ণ, স্নেহশীল ও করুণাময়—হওয়ার প্রত্যাশা জানানো হয়।
বিয়ের অনুষ্ঠানে রাজকন্যা ইলিয়ানা মালয়েশিয়ার ডিজাইনার রাদজুয়ান রাদজিউইলের নকশা করা গাউন পরেছিলেন। তাঁর মাথায় ছিল ‘রানি আজিজাহ ডায়মন্ড টিয়ারা’, যা পাহাং রাজপরিবারের একটি ঐতিহ্যবাহী বংশানুক্রমিক রত্ন।
টিয়ারাটি ব্রাসেলসের বেলজিয়ান জুয়েলার্স ওলফার্স থেকে সংগ্রহ করা হয়েছিল। এর আগে পাহাং রাজপরিবারের অন্য সদস্যরাও তাঁদের বিয়ের অনুষ্ঠানে এই টিয়ারা ব্যবহার করেছেন।
ক্রিস ফ্রগ্যাটের বয়স ৩২ বছর। তিনি একজন ব্রিটিশ পেশাদার রেসিং ড্রাইভার। জিটি ওয়ার্ল্ড চ্যালেঞ্জ ইউরোপ এন্ডুরেন্স কাপসহ বিভিন্ন জিটি রেসিং প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি।
ফ্রগ্যাটের মোটরস্পোর্টে প্রবেশের পেছনে ইতালিতে ফেরারি চালানোর একটি অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তাঁর রেসিং জীবনী অনুযায়ী, এক ঘনিষ্ঠ বন্ধুর অতিথি হিসেবে ইতালির ফেরারি ফিওরানো টেস্ট ট্র্যাকে একটি বড় ড্রাইভিং ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পান তিনি।
সেই অভিজ্ঞতা তাঁকে পেশাদারভাবে রেসিং চালিয়ে যেতে উৎসাহিত করে। টেম্পেস্টা রেসিংয়ের আনুষ্ঠানিক জীবনীতে বলা হয়েছে, ছোটবেলা থেকেই গাড়ির প্রতি তাঁর আগ্রহ ছিল। অল্প বয়সে কোয়াড বাইক ও মোটোক্রস চালানোর অভিজ্ঞতাও তাঁর গতির প্রতি আকর্ষণ বাড়ায়।
তবে গাড়ি রেসিংয়ের জগতে ফ্রগ্যাটের প্রবেশ ঘটে ২৪ বছর বয়সে, যা এই অঙ্গনের হিসাবে তুলনামূলকভাবে দেরিতে। ইতালির ফিওরানোতে ফেরারির টেস্ট ট্র্যাকে বন্ধুর আমন্ত্রণে গাড়ি চালানোর অভিজ্ঞতাকেই তাঁর রেসিং ক্যারিয়ারের মোড় ঘোরানো ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।
