ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ তাঁর পুত্রবধূ পেঙ্গিরান রাবিয়াতুল আদাউইয়াহর সব রাজকীয় উপাধি বাতিল করেছেন। রাজপরিবারের সদস্য হিসেবে তাঁর আচরণ ‘অশোভন’ এবং সুলতানের প্রতি অসম্মানজনক ছিল বলে জানিয়েছে দেশটির গ্র্যান্ড চেম্বারলেইনের কার্যালয়।
চলতি মাসের শুরুতে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সুলতানের আদেশে রাবিয়াতুলের রাজকীয় উপাধি অবিলম্বে প্রত্যাহার করা হয়েছে। বিবৃতিতে তাঁর আচরণকে রাজপরিবারের একজন সদস্যের স্ত্রী হিসেবে অনুপযুক্ত এবং রাজপরিবারের সুনাম ক্ষুণ্নকারী হিসেবে উল্লেখ করা হয়।
৩৩ বছর বয়সী পেঙ্গিরান রাবিয়াতুল আদাউইয়াহ ব্রুনেইয়ের প্রিন্স আবদুল মালিকের স্ত্রী। ৪৩ বছর বয়সী আবদুল মালিক ব্রুনেইয়ের সিংহাসনের উত্তরাধিকারক্রমে চতুর্থ অবস্থানে রয়েছেন।
রাবিয়াতুল আগে ‘ইয়াং আমাত মুলিয়া পেঙ্গিরান আনাক ইস্তেরি’ রাজকীয় উপাধি ব্যবহার করতেন। তাঁর ঠিক কী ধরনের আচরণের কারণে এই উপাধি বাতিল করা হয়েছে, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।
ব্রুনেইয়ের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আরটিবি নিউজ জানিয়েছে, তাঁর কর্মকাণ্ডে সুলতানের প্রতি অসম্মান প্রকাশ পেয়েছে এবং রাজতন্ত্রের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।
রাবিয়াতুল আদাউইয়াহ এখনো প্রিন্স আবদুল মালিকের স্ত্রী। তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছে—এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে রাজকীয় উপাধি হারালেও তিনি সুলতানের পুত্রবধূ হিসেবে রাজপরিবারের সদস্য রয়েছেন।
আবদুল মালিক ও রাবিয়াতুলের বিয়ে হয় ২০১৫ সালে রাজধানী বন্দর সেরি বেগাওয়ানের রাজপ্রাসাদে। জাঁকজমকপূর্ণ সেই বিয়ের আয়োজন চলে ১০ দিন ধরে এবং এতে হাজারো অতিথি অংশ নেন।
এই দম্পতির চার সন্তান রয়েছে। তারা হলো ১০ বছর বয়সী প্রিন্সেস মুথিয়া, ৮ বছর বয়সী প্রিন্সেস ফাতিয়্যাহ, ৬ বছর বয়সী প্রিন্সেস খালিশাহ এবং ১৬ মাস বয়সী প্রিন্সেস নাবিলাহ। মায়ের রাজকীয় উপাধি বাতিল হলেও সন্তানদের উপাধিতে এর কোনো প্রভাব পড়েনি।
পর্যবেক্ষকদের মতে, এর আগেও রাজপরিবারের সদস্যদের রাজকীয় উপাধি প্রত্যাহার করেছিলেন সুলতান হাসানাল বলকিয়াহ।
২০০৩ সালে দ্বিতীয় স্ত্রী মারিয়াম আবদুল আজিজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তাঁর সব রাজকীয় উপাধি বাতিল করেন সুলতান। একইভাবে ২০১০ সালে তৃতীয় স্ত্রী আজরিনাজ মাজহার হাকিমের সঙ্গে বিচ্ছেদের পর তাঁর রাজকীয় উপাধিও প্রত্যাহার করা হয়।
তবে রাবিয়াতুলের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা। তিনি এখনো সুলতানের ছেলের স্ত্রী এবং তাঁদের বিচ্ছেদের কোনো খবরও প্রকাশ্যে আসেনি।
সুলতান হাসানাল বলকিয়াহ বর্তমানে ৮০ বছর বয়সী। তিনি ব্রুনেইয়ের ২৯তম সুলতান হিসেবে ১৯৬৮ সালে সিংহাসনে বসেন। বর্তমানে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে সিংহাসনে থাকা রাজা বা শাসক তিনি।
তেলসমৃদ্ধ ছোট দেশ ব্রুনেই বোর্নিও দ্বীপে অবস্থিত এবং চারদিক থেকে মালয়েশিয়ার ভূখণ্ড দ্বারা বেষ্টিত। সুলতানের বাসভবন ইস্তানা নুরুল ইমান বিশ্বের সবচেয়ে বড় আবাসিক প্রাসাদ হিসেবে পরিচিত। প্রাসাদটিতে রয়েছে ১ হাজার ৭৮৮টি কক্ষ।
সুলতান হাসানাল বলকিয়াহর শাসনামলে ব্রুনেই বিশ্বের অন্যতম ধনী দেশ হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে।
তথ্যসূত্র: দ্য ইনডিপেনডেন্ট
