দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট পুরোপুরি সমাধানে অন্তত দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট অতীতের বিভিন্ন সমস্যার উত্তরাধিকার। তবে ছয় মাস বা এক বছরের মধ্যে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। সংকট মোকাবিলায় সরকার কাজ করছে এবং এর জন্য ন্যূনতম দুই বছর সময় প্রয়োজন হবে।
তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস ছাড়া দেশের অর্থনীতি স্বাভাবিক গতিতে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই দ্রুততম সময়ে পরিস্থিতির উন্নতি ঘটাতে সরকার কোনো সময় নষ্ট করছে না।
গ্যাস সরবরাহের বিষয়ে আমির খসরু জানান, ভাসমান এলএনজি টার্মিনাল এবং স্থলভিত্তিক স্টোরেজ সুবিধাসহ বিভিন্ন উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই এসব বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে।
বিদ্যুৎ খাতের সমস্যা তুলে ধরে তিনি বলেন, দেশে উৎপাদন সক্ষমতা থাকলেও বিদ্যুৎ সঞ্চালন বর্তমানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাস্তব উৎপাদনের পরিস্থিতি বিভিন্ন পরিসংখ্যানে যে চিত্র উঠে আসে, তার চেয়েও কম হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
জ্বালানি নীতির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানি ও গ্যাসভিত্তিক বিদ্যুতের পাশাপাশি কয়লাকেও বিবেচনায় রাখা হচ্ছে। দেশের জন্য একটি সমন্বিত ‘এনার্জি মিক্স’ নির্ধারণের প্রক্রিয়া চলছে।
তিনি আশা প্রকাশ করেন, পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস খাতে বড় ধরনের পরিবর্তন দেখা যাবে।
