গত ১৭ বছরে দেশে শিক্ষাক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি, বরং শিক্ষা খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের শিশুদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।
রোববার (১৬ আগস্ট) দুপুর ১টায় ফরিদপুরের সালথা উপজেলা জেলা পরিষদ হলরুমে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস, পরিবেশবান্ধব পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, শিক্ষিত ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শুধু বিদ্যালয়ে যাওয়ার সুযোগ তৈরি করলেই হবে না; শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণও নিশ্চিত করতে হবে। অর্থের অভাবে কোনো শিশু যাতে বিদ্যালয়ে যেতে বাধ্য না হয়, সেটিই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।
তিনি বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সন্তানদের পড়াশোনায় যাতে কোনো প্রতিবন্ধকতা না আসে, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, ঝরে পড়া কমানো এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
পাটের তৈরি স্কুলব্যাগ বিতরণের প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্য ও সম্ভাবনার গুরুত্বপূর্ণ অংশ। পাটজাত স্কুলব্যাগ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার পাশাপাশি দেশীয় পাটপণ্যের ব্যবহারও বাড়ানো হচ্ছে। পরিবেশবান্ধব এ উদ্যোগ পাটশিল্পের বিকাশে ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
শামা ওবায়েদ বলেন, দেশের উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। এভাবে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন তিনি।
রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা হওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোট ও সমর্থনের প্রতি সম্মান রেখে কাজ করতে হবে। রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
আগামী দিনের বাংলাদেশ শিক্ষা, প্রযুক্তি, দক্ষতা ও মানবিক মূল্যবোধের ওপর ভিত্তি করে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর মতে, এ লক্ষ্য অর্জনে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে সালথা উপজেলার আটটি প্রাথমিক বিদ্যালয়ের ৩১৫ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ করা হয়।
সামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এ উদ্যোগকে স্বাগত জানান।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. শাহিনুর ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগরকান্দা-সালথা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ আল ফাহাদ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবিব আজাদ জনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিন কুমার চাকী ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মহা: তাশেম উদ্দিন।
এ ছাড়া সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা মুরাদুর রহমান, উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ ও এনায়েত হোসেনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
