ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দেশটির প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী সরকারের প্রধান হিসেবে নতুন রেকর্ড গড়েছেন। ২০২২ সালের ২২ অক্টোবর দায়িত্ব নেওয়ার পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত তিনি ১ হাজার ৪১৩ দিন পদে রয়েছেন।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, আনসা বার্তা সংস্থার তথ্যের বরাতে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
এর আগে ইতালিতে সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড ছিল সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির দ্বিতীয় সরকারের। ২০০১ সালের ১১ জুন থেকে ২০০৫ সালের ২৩ এপ্রিল পর্যন্ত ১ হাজার ৪১২ দিন ওই সরকার ক্ষমতায় ছিল। এক দিন বেশি দায়িত্ব পালন করে মেলোনি সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন।
মেলোনির এই মাইলফলক উপলক্ষে দক্ষিণ ইতালির বন্দরনগরী বারিতে হাজারো মানুষের উপস্থিতিতে উদযাপনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ইতালীয় দৈনিক ইল সোলে ২৪ ওরে। সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কায় সেখানে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।
মেলোনির দল ‘ব্রাদার্স অব ইতালি’ও সরকারের চার বছরের বিভিন্ন অর্জন তুলে ধরে একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটির মূল বার্তা—‘সবচেয়ে স্থিতিশীল সরকার, সবচেয়ে শক্তিশালী ইতালি’।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জর্জিয়া মেলোনি এই অর্জনকে কৃতজ্ঞতা ও দায়িত্ববোধের সঙ্গে গ্রহণ করার কথা জানান।
তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা শুধু একটি রেকর্ড নয়; একটি দেশের পরিকল্পনা গ্রহণ, সিদ্ধান্ত বাস্তবায়ন এবং প্রতিশ্রুতি পূরণের জন্য এটি গুরুত্বপূর্ণ শর্ত।
সূত্র: আনাদোলু এজেন্সি
