পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাবল ডেকার স্লিপার বাস পুকুরে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা কুয়াকাটা ভ্রমণের জন্য ‘আইকনিক পরিবহনের’ বাসটি ভাড়া করেছিলেন। রাতে ২০ থেকে ২৫ জন পর্যটক নিয়ে বাসটি ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে রওনা হয়।
সকালে খলিলপুর এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি অগভীর পুকুরে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১৫ জন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে গুরুতর আহত ছয়জনকে কলাপাড়া হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বাসটি আটক করা হয়েছে এবং চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
