ইরান থেকে কোনো ধরনের হামলা বা উসকানি এলে দেশটির জ্বালানি ও বেসামরিক অবকাঠামোয় হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ হুঁশিয়ারি দিয়েছেন।
বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের পক্ষ থেকে যেকোনো ধরনের উসকানি বা হামলা হলে ইসরায়েলের ওপর থাকা সব কৌশলগত বিধিনিষেধ তুলে নেওয়া হবে।
এক বক্তৃতায় ইসরায়েল কাৎজ বলেন, ইসরায়েলে হামলা হলে ইরানের সামরিক ও বেসামরিক অবকাঠামোতে আঘাত করা হবে। বিশেষ করে দেশটির এনার্জি ও জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্য করা হবে বলেও জানান তিনি।
তিনি দাবি করেন, এ ধরনের হামলার মাধ্যমে ইরানকে সম্পূর্ণ অন্ধকারে এবং মধ্যযুগীয় প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়া হবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানে বড় ধরনের বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল।
তবে সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ও সংঘাত তৈরি হলেও তেল আবিব আপাতত এ পরিস্থিতি থেকে কিছুটা দূরে ছিল।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর সর্বশেষ বক্তব্যের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও চরম উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্র: আল-জাজিরা
