দোহা থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে মাঝ আকাশে ইন্ডিগোর একটি বিমানের পাইলট হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতির অবনতি হলে জরুরি বিপদ সংকেত পাঠিয়ে বিমানটির গন্তব্য পরিবর্তন করে ওমানের মাস্কাটে নেওয়া হয়। পরে বিমানটি নিরাপদে অবতরণ করে।
বৃহস্পতিবার ইন্ডিগোর ‘৬ই ১৩০২’ ফ্লাইটে এ ঘটনা ঘটে। অসুস্থ পাইলটকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। বিমানে থাকা যাত্রী ও অন্য ক্রুরা নিরাপদে রয়েছেন।
ভারতীয় বিমান সংস্থার এক কর্মকর্তা জানান, দোহা থেকে উড্ডয়নের পর মাঝপথে পাইলট আচমকা অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তাঁর শারীরিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে তিনি আর বিমান পরিচালনা করতে পারছিলেন না।
এ অবস্থায় জরুরি সংকেত পাঠানোর পর বিমানটি মাস্কাটে ঘুরিয়ে নেওয়া হয়। যাত্রীবাহী বিমানে সাধারণত দুজন প্রশিক্ষিত পাইলট থাকায় একজন দায়িত্ব পালনে অক্ষম হলে অন্যজন বিমান পরিচালনা করতে পারেন। এই ফ্লাইটেও সহকারী পাইলট দায়িত্ব নেওয়ায় বিমানটি নিরাপদে মাস্কাটে অবতরণ করতে সক্ষম হয়।
ইন্ডিগো জানিয়েছে, অসুস্থ পাইলটের শারীরিক অবস্থা বর্তমানে ভালো। যাত্রীদের বেঙ্গালুরু পৌঁছে দিতে মাস্কাট থেকে একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে। নতুন ক্রুও পাঠানো হয়েছে।
তবে বিকল্প বিমান আসার আগ পর্যন্ত যাত্রীদের মাস্কাট বিমানবন্দরে অপেক্ষা করতে হয়। তাঁদের বিশ্রামের ব্যবস্থা করার পাশাপাশি খাবারও দেওয়া হয়।
এক বিবৃতিতে সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে ইন্ডিগো। সংস্থাটি জানিয়েছে, যাত্রীদের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
এর আগে সম্প্রতি গোয়া থেকে দিল্লিগামী ইন্ডিগোর আরেকটি বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। পরে সেটিকে জরুরি অবতরণ করানো হয়।
ওই ঘটনার দুই দিনের মধ্যেই আবার ইন্ডিগোর একটি বিমানে মাঝ আকাশে পাইলট অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটল। তবে বৃহস্পতিবারের ফ্লাইটটি শেষ পর্যন্ত নিরাপদে মাস্কাটে অবতরণ করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
