মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে গত দুই সপ্তাহে প্রায় ১০০ মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। সোমবার (২০ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য তুলে ধরা হয়।
পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, ৭ জুলাই থেকে ইরান সংশ্লিষ্ট সামরিক অভিযানের সময় আহত হওয়া সেনাদের মধ্যে প্রায় ৯৬ শতাংশ ইতোমধ্যে সুস্থ হয়ে নিজ নিজ দায়িত্বে ফিরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, অধিকাংশ আহত সেনার আঘাত ছিল তুলনামূলকভাবে হালকা ধরনের, যার মধ্যে কনকশন বা মস্তিষ্কে আঘাতের ঘটনাও রয়েছে।
হতাহতের প্রকৃত তথ্য গোপন করার অভিযোগের পর ট্রাম্প প্রশাসন এই পরিসংখ্যান প্রকাশ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলায় নিহত দুই সেনাসদস্যের পরিচয় প্রকাশ করে পেন্টাগন। নিহতরা হলেন হাওয়াইয়ের ২৫ বছর বয়সী টাইলার জেমস ফিহান এবং টেক্সাসের ১৯ বছর বয়সী ইসাবেলা গঞ্জালেস। একই ঘটনায় নিখোঁজ আরেক সেনার মরদেহ উদ্ধারে তল্লাশি অব্যাহত রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, উত্তর ইরাকেও এক মার্কিন সেনা নিহত হয়েছেন।
এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র নতুন করে বিমান অভিযান জোরদার করেছে। সেন্টকম জানিয়েছে, অঞ্চলটিতে তাদের দশম ধাপের বিমান হামলা সম্পন্ন হয়েছে।
অন্যদিকে, ইরান-সমর্থিত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা এবং একটি ডাটা সেন্টার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। একই সময়ে ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাংকার ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া হরমুজ প্রণালীতে দুটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।
মার্কিন প্রশাসন শুরুতে ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্যবস্তু করার কথা বললেও এখন হরমুজ প্রণালীতে ইরানের তৎপরতা মোকাবিলাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রণালীতে ইরানের হামলা প্রতিরোধ করাই বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রধান উদ্দেশ্য।
এদিকে সংঘাত দীর্ঘায়িত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম বেড়ে প্রতি গ্যালন ৪ ডলারের বেশি হয়েছে, যা দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলছে।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনের ভিত্তিতে।
