মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী সহকারী নাটালি হার্পকে ঘিরে নানা জল্পনার মধ্যেই এক মাসের বেশি সময় পর জনসমক্ষে দেখা গেছে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। বৃহস্পতিবার (২০ আগস্ট) হোয়াইট হাউসের রোজ গার্ডেনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রসিকতার সুরে নিজের দীর্ঘ অনুপস্থিতির প্রসঙ্গও টানেন তিনি।
মেলানিয়া বলেন, ‘শুনলাম, আপনারা আমাকে মিস করছিলেন, তাই আমি চলে এলাম।’ এরপর উপস্থিত অতিথিদের স্বাগত জানান তিনি।
৫৬ বছর বয়সি মেলানিয়াকে সর্বশেষ গত ১৯ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ফাইনালে স্বামী ডোনাল্ড ট্রাম্পের পাশে দেখা গিয়েছিল। এরপর দীর্ঘ সময় তিনি জনসমক্ষে না আসায় নানা আলোচনা শুরু হয়।
এরই মধ্যে ট্রাম্পের ৩৫ বছর বয়সি নির্বাহী সহকারী নাটালি হার্পকে ঘিরে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নাটালিকে নিয়ে জর্জিয়ার ডেমোক্রেটিক সিনেটর জন অসফের একটি মন্তব্যের পর বিষয়টি আরও আলোচনায় আসে।
গত ১৬ আগস্ট এক বক্তব্যে অসফ দাবি করেন, ট্রাম্প তাঁর প্রেসিডেন্টের দায়িত্ব পালনের চেয়ে বলরুম নির্মাণ এবং কাতারের উপহার দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে নাটালিকে নিয়ে ঘোরাফেরায় বেশি আগ্রহী। তাঁর এই মন্তব্যের পর ট্রাম্পের সঙ্গে নাটালির সম্পর্ক নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে জল্পনা বাড়ে।
নাটালি ২০১৯ সাল থেকে ট্রাম্পের সঙ্গে কাজ করছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ট্রাম্পের ব্যক্তিগত কিছু নোট প্রস্তুত করেন এবং প্রেসিডেন্টের দৈনন্দিন কাজেও ঘনিষ্ঠভাবে যুক্ত থাকেন। এমনকি ট্রাম্পের গাড়িতে জায়গা না থাকলে নাটালি গাড়ির পেছনের অংশে বসেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জুলাইয়ে আঙ্কারায় ন্যাটো সম্মেলন শেষে ওয়াশিংটনে ফেরার সময় নাটালি পৃথক একটি বিমানে ট্রাম্পের সঙ্গে ভ্রমণ করেছিলেন বলেও জানা গেছে। এসব ঘটনা সামনে আসার পর তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে।
‘সেমাফোর’-এর এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, মেলানিয়া এ ধরনের বিষয় পছন্দ করেন না। তবে ফার্স্ট লেডি নিজে নাটালি বা তাঁকে ঘিরে ওঠা কোনো গুঞ্জন নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি।
অন্যদিকে হোয়াইট হাউস নাটালিকে ঘিরে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের বিরোধিতা করেছে। সিনেটর অসফের মন্তব্য নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করার পর সিএনএনের প্রধান হোয়াইট হাউস প্রতিনিধি ক্রিস্টেন হোমসের ওপর ট্রাম্পের দলের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়।
ট্রাম্প নিজেও নাটালিকে নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে অসফকে কটাক্ষ করে তাঁর চেহারার সঙ্গে কমেডি চরিত্র ‘পি-উই হারম্যান’-এর তুলনা করেন তিনি। হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংও সামাজিক যোগাযোগমাধ্যমে অসফকে আক্রমণ করে মন্তব্য করেন।
এদিকে মেলানিয়ার জনসমক্ষে ফেরার অনুষ্ঠানটি ছিল তাঁর ‘ফস্টারিং দ্য ফিউচার’ উদ্যোগের অংশ। অনুষ্ঠানে ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ও পারডু ইউনিভার্সিটিতে বৃত্তির তহবিলের জন্য ইন্ডি কার ও ফক্স করপোরেশনের ২০ লাখ ডলার অনুদানের বিষয়টি তুলে ধরা হয়। এই অর্থ পালক মা-বাবার কাছে বেড়ে ওঠা শিশুদের সহায়তায় ব্যবহারের কথা রয়েছে।
তবে নাটালি হার্পকে ঘিরে ওঠা ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জনের বিষয়ে মেলানিয়ার বক্তব্য কী—তা তিনি সরাসরি জানাননি।
