ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ বাঁশুরী স্বরাজের একটি মন্তব্য নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পুরোনো ভিডিও দেখে মন্তব্য করেন তিনি।
গত মাসে পুনেতে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ অনুষ্ঠানে বক্তব্য দেন কংগ্রেসের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেখানে তিনি ‘মনুস্মৃতি’-র মানসিকতার সমালোচনা করে বলেন, সমাজে নারীদের অনেক সময় কারও মেয়ে, স্ত্রী কিংবা মা হিসেবে দেখা হয়। তবে নারীদের নিজস্ব স্বাধীন সত্তা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রাহুল গান্ধী আরও বলেন, পুরুষতান্ত্রিক ব্যবস্থা নারীদের নিয়ন্ত্রণ ও ভয় দেখানোর চেষ্টা করে। এ ব্যবস্থা ভেঙে দিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। নারীদের নিজেদের কণ্ঠ তুলে ধরার পাশাপাশি সমাজে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করার কথাও বলেন কংগ্রেস নেতা।
রাহুলের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা চ্যালেঞ্জ জানান দিল্লির বিজেপি সাংসদ বাঁশুরী স্বরাজ। তিনি বলেন, রাহুল যদি সত্যিই পিতৃতন্ত্র ভাঙতে চান, তাহলে তাকে পুরো ‘বন্দে মাতরম’ গান গেয়ে দেখাতে হবে।
বাঁশুরী স্বরাজের ওই বক্তব্যের ভিডিও সম্প্রতি কংগ্রেসের ন্যাশনাল কনভেনার ফর সোশ্যাল মিডিয়া অ্যান্ড ডিজিটাল কমিউনিকেশন রুচিরা চতুর্বেদীর শেয়ার করা পোস্টে হৃতিক রোশনের নজরে আসে।
ভিডিওটির নিচে হৃতিক নিজের বিস্ময় প্রকাশ করে লেখেন, ‘হ্যাঁ? এটা কি সত্যি? ওয়াও!’
অভিনেতার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। তার ভক্তদের অনেকে বিভিন্ন মন্তব্য করেন। কেউ কেউ হৃতিকের জনপ্রিয় সুপারহিরো চরিত্র ‘কৃষ’-এর প্রসঙ্গও টেনে আনেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে এ বছর ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনে গানটির পূর্ণাঙ্গ রূপ বাজানো হয়েছিল। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ এই গানটি সম্প্রতি জাতীয় সংগীতের সমপরিমাণ আইনি সুরক্ষাও পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ‘বন্দে মাতরম’ গাওয়ার সঙ্গে পিতৃতন্ত্র দূর করার সম্পর্ক স্থাপনের বিষয়টি রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: এনডিটিভি।
