চট্টগ্রামের কর্ণফুলী থেকে চুরি হওয়া ৪১ দিনের এক শিশুকে ২২ ঘণ্টার মধ্যে নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার পর শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারে।
এর আগে বৃহস্পতিবার রাতে কর্ণফুলীর একটি বাসা থেকে শিশুটিকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে এক ভাড়াটিয়ার বিরুদ্ধে। ওই নারী শিশুটির পরিবারের পূর্বপরিচিত ছিলেন এবং নিয়মিত তাদের বাসায় যাতায়াত করতেন বলে জানা গেছে।বাজারে যাওয়ার সুযোগে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা অভিযুক্ত ওই নারীর কাছে শিশুটিকে রেখে বড় দুই সন্তানকে বাসায় রেখে বাজারে যান। কিছুক্ষণ পর ফিরে এসে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন।
পরে বাসার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, ওই নারী শিশুটিকে নিয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছেন।
পরিবারের অভিযোগ, শিশুটিকে নিয়ে যাওয়ার পর ওই নারী তাঁর ভাড়া বাসা থেকেও ব্যাংকের টাকা-পয়সা ও কাপড়চোপড় নিয়ে পালিয়ে যান। এরপর দ্রুত বিষয়টি কর্ণফুলী থানায় জানানো হয়।
অভিযোগ পাওয়ার পরপরই শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে কর্ণফুলী থানা পুলিশ। প্রযুক্তির মাধ্যমে শিশুটির অবস্থান শনাক্ত করার পর পুলিশের একটি দল নোয়াখালীর সুবর্ণচরে অভিযান চালায়।
সেখান থেকে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হলেও অভিযুক্ত নারী পালিয়ে যান।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, পরিবারের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান শুরু করে। পরে প্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্ত করে সুবর্ণচর থেকে তাকে উদ্ধার করা হয়েছে।
