জনপ্রিয় চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নতুন কিছু ছবির মাধ্যমে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গোলাপি রঙের পোশাকে তোলা ছবিগুলো প্রকাশের পর প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।
গত ১৭ জুলাই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেন মিম। ছবিগুলোর ক্যাপশনে ভালোবাসার ইমোজির সঙ্গে তিনি লেখেন, “গোলাপি রঙে রাঙা আমি, ভালোবাসায় ভরা মন।” তবে ছবিগুলো কোনো চলচ্চিত্র বা ওয়েব কনটেন্টের অংশ কি না, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।
ছবি প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রশংসা করেন। সজীব নামের এক ভক্ত মন্তব্য করেন, “আমাদেরও একজন মিম আছেন, যিনি বলিউড–হলিউড, তামিল নায়িকাদের হার মানায়।”
রিশা মনি নামে আরেক অনুসারী লেখেন, “সেরার যদি সেরা সুন্দরী নায়িকা বর্তমানে বাংলাদেশে থাকে, সেটা হচ্ছে মিম।”
অন্য এক ভক্তের ভাষায়, “বিদ্যা সিনহা মিম সৌন্দর্য, আভিজাত্য, প্রতিভা এবং মুগ্ধকর ব্যক্তিত্বের অপূর্ব সমন্বয়।”
অভিনয়ের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন মিম। নব্বই দশকের জনপ্রিয় অভিনয়শিল্পী শমী কায়সার প্রযোজিত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘দিগন্তে ফুলের আগুন’-এ অভিনয় করেছেন তিনি। ২০২৩ সালে ছবিটির শুটিং শেষ হলেও এখনো মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
সবশেষ ঈদুল আজহায় মুক্তি পায় মিম অভিনীত চলচ্চিত্র ‘মালিক’, যেখানে তার সহশিল্পী ছিলেন আরিফিন শুভ। দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরলেও ছবিটি প্রত্যাশিত সাড়া পায়নি।
এদিকে চলতি বছরের জুন মাসে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়া কাজী আসাদ পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’-এ অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।
