বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বেঁধে রাখা বাবার কাছে রুটি ও চা নিয়ে ছুটে এসেছে তার ছোট্ট মেয়ে। পরে নিজের হাতে বাবাকে খাবার খাওয়ানোর দৃশ্যটি স্থানীয়দের নজর কাড়ে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে বামরাইল বাজারের একটি দোকানে চুরির চেষ্টা করার অভিযোগে অনিক সরদার নামে এক যুবককে স্থানীয় লোকজন আটক করেন। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।
পরদিন শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাবাকে দেখতে বাজারে আসে তার ছোট্ট মেয়ে। বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখে সে একটি দোকান থেকে রুটি ও চা কিনে আনে। এরপর বাবার মুখে নিজের হাতে খাবার তুলে দেয়।
ঘটনাটি স্থানীয় এক যুবক মোবাইলফোনে ভিডিও ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, খুঁটির সঙ্গে বাঁধা বাবার পাশে দাঁড়িয়ে মেয়েটি তাকে রুটি ও চা খাওয়াচ্ছে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, চুরির অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগতভাবে নিষ্পত্তি করা উচিত। তবে বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখে মেয়েটি যেভাবে ছুটে এসে খাবার এনে খাইয়েছে, তা উপস্থিত অনেকের দৃষ্টি আকর্ষণ করে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ৯টার দিকে অনিক সরদারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) ফারুক জানান, চুরির অভিযোগে একজনকে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে মোবাইল টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে স্থানীয়রা ওই ব্যক্তির কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন।
