জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ (বৃহস্পতিবার) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালির আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য। বিকেল ৫টায় শুরু হতে যাওয়া এ কর্মসূচিতে শহীদ পরিবারের সদস্য, আন্দোলনে আহত ব্যক্তিরা এবং জুলাই যোদ্ধারা অংশ নেবেন বলে জানিয়েছে সংগঠনটি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই আন্দোলনের স্মৃতি, আত্মত্যাগ ও গণতান্ত্রিক চেতনাকে সামনে রেখে এ র্যালির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন এবং সংহতি প্রকাশ করবেন।
বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক, সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের আত্মত্যাগের স্মৃতি ধারণ করতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
একই সঙ্গে তিনি দেশপ্রেমিক ছাত্র-জনতা ও সর্বস্তরের নাগরিককে র্যালিতে অংশ নিয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানান।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী নানা কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে ১১ দলীয় ঐক্যের এই র্যালিকে তাৎপর্যপূর্ণ কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে।
